ঠাকুরগাঁওয়ে দোকানে বসে থাকা ৪ জনের ওপর বজ্রপাত, নিহত ২
হঠাৎ বজ্রপাত হলে সবাই ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুজনের প্রাণ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
রোববার দুপুরে ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামাণিক জানান।
নিহতরা হলেন- কুশারীগাঁও গ্রামের মহেন রায়ের স্ত্রী শান্তি রানী এবং একই গ্রামের বেয়ারু রামের ছেলে সুয়ের রাম।
হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, চারজন একটি মুদি দোকানে বসে ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তারা সবাই গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন- একই গ্রামের টেপরা ও শাহলন। তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি ইকবাল হোসেন বলছেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
