২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু ধর্ষণ ও হত্যা: চাঁদপুরে ২ জনের যাবজ্জীবন

২০২০ সালে আসামিরা শিশুটিকে প্রথমে ধর্ষণ করে এবং পরে হত্যা করে পালিয়ে যায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2024, 03:48 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

চাঁদপুরের শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল ইসলাম মন্টু জানান।

দণ্ডিতরা হলেন- কচুয়া উপজেলার বড় হায়াতপুর গ্রামের মনির হোসেনের ছেলে নুর আলম (২৬) ও ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও গ্রামের আমির হোসেনের ছেলে সজীব হোসেন (১৯)।

আসামিদের যাবজ্জীবনের পাশাপাশি সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।

মামলার বিবরণে বলা হয়, ২০২০ সালের ৩১ জুলাই দুপুরে বড় হায়াতপুর গ্রামের প্রবাসী মো. আবু হানিফের মেয়ে জান্নাতুন নাঈম মিশু বাড়ির পাশে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। সেখানে নুর আলম ও সজিব প্রথমে তাকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে পালিয়ে যায়। 

এই ঘটনায় শিশুটির মা ফাতেমা বেগম ৩ অগাস্ট কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে থানার এসআই মো. মকবুল হোসেন একই বছরের ২৯ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুল বলেন, “মামলাটি চার বছর চলাকালীন অবস্থায় আদালত ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন। মামলার সাক্ষ্যগ্রহণ ও নথিপত্র পর্যালোচনা করে আসামিদের অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক তাদের উপস্থিতিতে এ রায় দেন।

“এছাড়া আসামিদের ২০১/৩৪ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় ৭ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন বিচারক। আসামিদের উভয় সাজা একসঙ্গে চলবে থাকবে আদেশে বলা হয়।”