২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোবিন্দভোগ-গোপালভোগ নেমেছে, আমের বাজারজাত শুরু

২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া আম, ৫ জুন আম্রপালি সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে।

গোবিন্দভোগ-গোপালভোগ নেমেছে, আমের বাজারজাত শুরু
সাতক্ষীরায় সোমবার থেকে আম পাড়া শুরু হয়েছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2025, 09:56 PM

Updated : 26 Aug 2026, 12:39 PM

সাতক্ষীরার গোবিন্দভোগ আর গোপালভোগ গাছ থেকে নামানো আর বাজারজাতকরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বছরের আমের মৌসুম শুরু হল।  

জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টায় সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের আমচাষি বিল্লাল হোসেনের বাগান থেকে আম পাড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ।

মাটির গুণাগুণ ও আবহাওয়ার কারণে সাতক্ষীরার আম দেশের অন্য এলাকার তুলনায় আগে পরিপক্ক হয়। ফলে আমের ভালো দাম পান এই অঞ্চলের কৃষকরা। চলতি মৌসুমে আমের গুণগত মান বজায় রেখে নিরাপদে আম বাজারজাত করতে প্রশাসনের বেঁধে দেওয়া নির্ধারিত সময় অনুযায়ী জেলায় আম সংগ্রহ ও বাজারজাত কার্যক্রম শুরু হয়েছে।

এ সময় জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, “বঙ্গোপসাগর ও সুন্দরবন বিধৌত লোনা উপকূলের সব ফলনই যেন সোনা। আম, কুল সব কিছুই যেন বাংলাদেশের সব এলাকার সেরা। এখানে না এলে বা এই ফসল না খেলে এটা কেউ বুঝতে পারবে না।” 

এখানকার পণ্য বিশেষ করে হিমসাগর আমের জিআই করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে মন্তব্য করে ডিসি বলেন, সাতক্ষীরায় আম গবেষণা কেন্দ্র হওয়া উচিত। জেলা প্রশাসন আম গবেষণায় সবাইকে উৎসাহিত করবে। 

আমকে জাতীয় ফল হিসেবে ঘোষণা করা যায় কিনা সেই ধরনের প্রস্তাবও ভেবে দেখার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ রাখেন জেলা প্রশাসক।  

এসময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, সাতক্ষীরার আমের কদর রয়েছে দেশ-বিদেশে। তাই গুণগত মানের এই আম সংগ্রহের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত সময়। 

আম সংগ্রহ ও বাজারজাতকরণ ক্যালেন্ডার অনুযায়ী, ৫ মে গোবিন্দভোগ, গোপালভোগ, বোম্বাই, গোপালখাস ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম, ২০ মে হিমসাগর, ২৭ মে ল্যাংড়া আম, ৫ জুন আম্রপালি সংগ্রহের তারিখ নির্ধারণ করা হয়েছে। 

কৃষি কর্মকর্তা মনির হোসেন বলেন, “এবারও ইউরোপ ও এশিয়ার গুরুত্বপূর্ণ মার্কেটে আম পাওয়া যাবে। রপ্তানিকারকরা জানিয়েছেন, এ মৌসুমেও ১০০ মেট্রিক টনের বেশি আম রপ্তানি করা হবে।”

এদিকে জেলায় আম বিক্রির একটি মাত্র বাজার হওয়ায় জায়গার স্বল্পতার ভোগান্তি পোহাতে হয় চাষি ও ব্যবসায়ীদের। এ কারণে শুধু সুলতানপুর বড়বাজার নামের একটি বিক্রয় কেন্দ্রের ওপর নির্ভর না করে আরও বাজার তৈরির দাবি জানান কৃষকরা। 

আম চাষিরা পিটিআই মাঠসহ সাতক্ষীরার কয়েকটি স্থানকে আমের পাইকারী হাট তৈরির দাবি জানান। 

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবণী সরকারের সঞ্চালনায় আমপাড়ার উদ্বোধনী উৎসব ও সভায় আলোচনা করেন চাষি বেলাল হোসেন, কমলেশ সরকার ও আবুল কালাম আজাদ।