খাগড়াছড়িতে ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ
পরিবেশের সব নিয়ম-কানুন মেনেই খাগড়াছড়িতে ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান ভাটা মালিকরা।
খাগড়াছড়িতে বন্ধ ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইট ভাটার মালিক-শ্রমিক ও শ্রমজীবী মানুষ।
রোববার সকালে সাড়ে ১০টার দিকে শাপলা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় বলে জানিয়েছেন খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ
পরে বিক্ষোভকারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সড়কে অবস্থান নিয়ে দুপুর দেড়টা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখেন।
এ সময় বিকল্প পথে ছোট যানবাহন চলাচল করলেও বন্ধ হয়ে যায় যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল। এতে যানজটে জনভোগান্তি তৈরি হয়।
এর আগে পরিবেশ মন্ত্রণালয় ও উচ্চ আদালতের নির্দেশনার আলোকে জেলার সকল ইটভাটা বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছিল জেলা প্রশাসন।
এর প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ বলেন, “চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে।
“ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে, তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন।”
তাই পরিবেশের সকল নিয়ম-কানুন মেনেই খাগড়াছড়িতে ইটভাটা পরিচালনা করার জন্য প্রশাসনের অনুমতি চান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি ইটভাটা মালিক সমিতির সভাপতি হাফেজ আহমেদ ভূঁইয়া, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাহবুব আলম সবুজ, সদস্য সচিব সমর বিকাশ চাকমা, উপজাতি ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রিপ রিপ চাকমা, রাজমিস্ত্রি কল্যাণ সমবায় সভাপতি মো. রাজ্জাক, ট্রাক্টর চালক কল্যাণ সমিতির সভাপতি মো. ইব্রাহিম।
পরে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন জেলার ইট ভাটা শ্রমিক ও মালিকেরা।
এসময় বিষয়টি ঊধ্বর্তন কর্তৃপক্ষের নজরে আনবেন বলে আশ্বস্ত করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত।
