২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে জমির বিরোধে ‘ভাইয়ের হাতে’ ভাই খুন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়, বলছে পুলিশ।

সুনামগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2025, 03:54 PM

Updated : 26 Aug 2026, 01:23 PM

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চরগাঁও গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাই নিহত হওয়ার ঘটনায় বড় ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে গ্রামের একটি মসজিদের ভেতরে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বিশ্বম্ভরপুর থানার ওসি মোখলেছুর রহমান।

নিহত ব্যক্তির নাম মজিবুর। তার লাশ সিলেটে রাখা হয়েছে।

পুলিশ বলছে, পারিবারিক জমি নিয়ে মজিবুর রহমানের সঙ্গে তার বড় ভাই লুৎফুর রহমানের বিরোধ চলছিল। বুধবার রাতে মজিবুর বাড়ির পাশে মসজিদে এশার নামাজ পড়তে যান। এ সময় লুৎফুর মসজিদে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে মজিবুরের ওপর হামলা চালান। মজিবুর মসজিদের ভেতরেই মাটিতে লুটিয়ে পড়েন।

আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে মজিবুরের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে ওই হাসপাতালেই তিনি মারা যান।

ওসি মোখলেছুর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ বিশেষ অভিযান চালিয়ে লুৎফুরকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।