শেরপুর সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ
এরশাদুল কুড়িগ্রামের উলিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত দিয়ে এক বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বিএসএফ।
শুক্রবার দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর সীমান্ত দিয়ে উভয় দেশের সীমান্তরক্ষা বাহিনী ও পুলিশের উপস্থিতিতে ওই যুবকের লাশ হস্তান্তর করা হয় বলে নালিতাবাড়ি থানা ওসি ছানোয়ার হোসেন জানান।
নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।
ওসি ছানোয়ার বলেন, ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন এরশাদুল। পরে তিনি উলিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। ভারতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।
এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় উলিপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। একপর্যায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এরশাদুলের মৃত্যুর সংবাদ ও ছবি ছড়িয়ে পড়ে।
তখন তার পরিবার বিষয়টি জানতে পারে। পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনি প্রক্রিয়া শেষে এরশাদুলের লাশ হস্তান্তর করা হয় বলে জানান ওসি।
