বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ, লাঠিপেটায় আহত ২১
পুলিশ বলছে, লাঠিপেটা নয়, শিক্ষার্থীদের সড়ক দিয়ে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
এক দফা দাবিতে আন্দোলনরত বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এ সময় তাদেরকে লাঠিপেটা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে বরিশাল-ভোলা সড়কে অবরোধ কর্মসূচি চলাকালে এ ঘটনা ঘটে।
শিক্ষার্থীদের দাবি, তাদের ২১ সহপাঠী আহত হয়েছেন। এর মধ্যে ১৩ জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যদিও পুলিশ বলছে, লাঠিপেটা নয়, শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আহত শিক্ষার্থীরা হলেন- শুভ চন্দ্র সরকার, শাহবাজ আশরাফি, আয়নান চৌধুরী, সচেতন, অনুপম, বদর, মহিবুল্লাহ, আদিত্য কুণ্ডু, রাকিব মিয়া, মেহেদী হাসান, মাহবুব, নয়ন, ইয়াদ ও বিথী।
কলেজের সিভিল বিষয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এনামুল হক ইরান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি কাঠামো বাতিল করে বাংলাদেশ ইনস্টিটিউট অফ টেকনোলজি মডেলের আদলে স্বাতন্ত্র নিশ্চিতের এক দফা দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। এর ধারাবাহিকতায় সকাল থেকে কলেজের সামনে বরিশাল-ভোলা সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা।
কিন্তু তাদের দাবির বিষয়ে কেউ কোনো কর্ণপাত করছে না। সেনাবাহিনী ও পুলিশ এসে সড়ক ছেড়ে দেওয়ার জন্য আল্টিমেটাম দেয়।
ইরান আরও বলেন, “শিক্ষার্থীরা দাবি মেনে নেওয়ার জন্য অন্তত জেলা প্রশাসককে এসে আশ্বাস দেওয়ার জন্য বলেন। কিন্তু সেনাবাহিনী ও পুলিশ তাদের দাবি না মেনে লাঠিপেটা করে তাদের সরিয়ে দিয়েছে। পরে তারা ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন।”
বরিশাল মহানগর পুলিশের বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দিয়ে কর্মসূচি পালন করার জন্য বলা হয়। দুপুর আড়াইটা পর্যন্ত তাদের বোঝানোর পরেও তারা সড়ক ছেড়ে দেয়নি। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের সড়ক থেকে সরিয়ে দিয়েছে।
লাঠিপেটা করা হয়নি দাবি করে ওসি বলেন, শিক্ষার্থীরা বর্তমানে ক্যাম্পাসের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। পৌনে ৩টার পর যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যক্ষ লিটন রাব্বানী বলেন, “শিক্ষার্থীরা যে এক দফা দাবি তুলেছে, সেই বিষয়ে মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গায় চিঠি পাঠানো হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে আমরা দফায় দফায় বৈঠক করছি। আশা করছি, দ্রুত এ বিষয়টির সমাধান হবে।”
