২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ জনকে ঠেলে দিল বিএসএফ

এ নিয়ে এক মাসে মেহেরপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।

মেহেরপুর সীমান্ত দিয়ে ১২ জনকে ঠেলে দিল বিএসএফ
মেহেরপুরের মুজিবনগর উপজেলা সীমান্ত।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2025, 05:56 PM

Updated : 26 Aug 2026, 01:10 PM

মেহেরপুরের মুজিবনগর উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জনকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ।

মঙ্গলবার ভোরে উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে তাদের ঠেলে দেওয়া হয় বলে বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান।  

খবর পেয়ে বিজিবি সদস্যরা তাদের আটক করে ক্যাম্পে নেয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করে। তাদের অধিকাংশের বাড়ি কুড়িগ্রাম জেলায়।

ফেরত আসা লোকমান আক্তার সাংবাদিকদের বলেন, তিনি ১০ বছর আগে জীবিকার সন্ধানে ভারতে যান। হরিয়ানা রাজ্যে দিনমজুর, হোটেল কর্মী ও কৃষিকাজ করেন। সেখানে তিনি কিছু সহায়-সম্পদও গড়েন। 

দুই সপ্তাহ আগে হরিয়ানার বিভিন্ন এলাকা থেকে পুলিশ সবাইকে আটক করে এবং পশ্চিমবঙ্গের নদীয়া জেলার বহরমপুরের একটি কারাগারে বন্দি রাখে। সেখান থেকেই সোমবার রাতে তাদের ঠেলে পাঠানো হয়েছে।

বিজিবি চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার নাজমুল হাসান জানান, তাদের বৈধ কাগজপত্র না থাকায় ভারতীয় কর্তৃপক্ষ ফেরত পাঠিয়েছে। 

মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃতদের যাচাই-বাছাই চলছে। পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এ নিয়ে এক মাসে মেহেরপুর সীমান্ত দিয়ে প্রায় ১০০ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ।