Published : 06 Jun 2026, 10:21 PM
গাজীপুর মহানগরীতে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরের দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের ভেতরে এ ঘটনা ঘটে বলে জানান ঘটনাস্থলে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্য তাজউদ্দীন।
হামলার শিকার সাংবাদিক হোসাইন আলী বাবু স্টার নিউজের গাজীপুর প্রতিনিধি।
আটক ব্যক্তির নাম মোহাম্মদ জুয়েল (২৮), তিনি নরসিংদীর বেলাব উপজেলার বাসিন্দা।
সাংবাদিক হোসাইন আলী বাবু বলেন, “ঈদের সময় বাড়ি ফেরা মানুষের বিষয়ে সংবাদ সংগ্রহ করে লাইভ শেষ করার পর আমি ট্রাফিক পুলিশ বক্সে বসে ল্যাপটপে কাজ করছিলাম। এ সময় জুয়েল নামের ওই যুবক আমার পরিচয় জানতে চান এবং বিভিন্ন অসংলগ্ন প্রশ্ন করতে থাকেন।
“একপর্যায়ে তিনি অভিযোগ করেন, তার বিরুদ্ধে কেন সংবাদ করা হয়েছে। বিষয়টি অস্বীকার করলে তিনি হঠাৎ উত্তেজিত হয়ে পুলিশ বক্সের ভেতরে ঢুকে আমার ওপর এলোপাতাড়ি হামলা চালান।”
তিনি বলেন, “আমার কাছে থাকা দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেও হামলা হয়ে থাকতে পারে বলে আমি ধারণা করছি। ট্রাফিক পুলিশের এএসআই তাজউদ্দীন দ্রুত এগিয়ে না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।”

হামলায় সাংবাদিক হোসাইন আলী বাবু মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়দের সহযোগিতায় এবং পুলিশের হস্তক্ষেপে হামলাকারীকে আটক করে থানায় দেওয়া হয়।
ট্রাফিক পুলিশ সদস্য তাজউদ্দীন বলেন, পুলিশ বক্সের ভেতর থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ পেয়ে তিনি দ্রুত সেখানে যান। গিয়ে দেখেন এক যুবক সাংবাদিককে মারধর করছে। পরে তিনি স্থানীয়দের সহায়তায় হামলাকারীকে আটক করেন। এ সময় তাকে আটক করতে গিয়ে তিনিও সামান্য আহত হন।
বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, সাংবাদিক ও আটক ব্যক্তি পূর্বপরিচিত নন। সাংবাদিকের বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশের তথ্যও পাওয়া যায়নি। আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে অসংলগ্ন ও এলোমেলো কথা বলছে।”
ঘটনার পর গাজীপুরে কর্মরত প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন।