খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসব: এ্যানি
“আমগো গেরামের মহিলারা কোনদিন আওয়ামী লীগ করেনি।”
খালেদা জিয়াকে আবারও নির্বাচিত করে ক্ষমতায় আনার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার কুশাখালী ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড মহিলা দলের উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “আমরা খালেদা জিয়াকে আবার নির্বাচিত করে নিয়ে আসব। তারেক জিয়াকে নির্বাচিত করে নিয়ে আসব।
“যদি খালেদা জিয়া ও তারেক জিয়াকে নির্বাচিত করে ক্ষমতায় নিয়ে আসতে হয়, তাহলে এখন থেকে প্রধান কাজ হল আমাদের মা বোনদেরকে কেউ যেন ভুল বুঝাতে না পারে।”
বাংলাদেশের গ্রামের নারীরা কখনোই আওয়ামী লীগের সঙ্গে ছিলেন না বলে মন্তব্য করে তাদের উদ্দেশ্যে এ্যানি বলেন, “আপনারা খালেদা জিয়াকে সম্মান দিয়েছেন। খালেদা জিয়াকে আপনারা বুয়া বুয়া (আপা) কই হান (পান) খাওয়াইছেন।
“খালেদা জিয়াকে গ্রেপ্তারের পর আপনাদের চোখে পানি পড়েছে। নামাজের বিছানায় ছিলেন, দোয়া করেছেন। আমগো গেরামের (আমাদের গ্রামের) মহিলারা কোনদিন আওয়ামী লীগ করেনি।”
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন, সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, সাবেক সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু ও জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।
