২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন: কার্যালয় নিয়ে অনিশ্চয়তায় রাকসু ভবনের ১৫ সংগঠন

“সংগঠনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে একটি কমিটি কাজ করছে। তবে এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি,” বলেন উপাচার্য।

নির্বাচন: কার্যালয় নিয়ে অনিশ্চয়তায় রাকসু ভবনের ১৫ সংগঠন
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2025, 09:10 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-রাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ সেপ্টেম্বর। ৩৫ বছর পর এই নির্বাচন ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তবে রাকসু ভবনে অস্থায়ীভাবে বরাদ্দ পাওয়া ১৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের কার্যালয় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

নির্বাচনের আগে বা পরে তাদের ভবন ছাড়ার সম্ভাবনা থাকলেও এখনো বিকল্প কোনও স্থান নির্ধারণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ নিয়ে সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “সংগঠনগুলোর জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে একটি কমিটি কাজ করছে। তবে এখনো চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। 

“তাদের কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য আমরা চিন্তাভাবনা করছি। হাতে এখনো দেড় মাসের বেশি সময় আছে। এর মধ্যে সমাধানে পৌঁছাতে পারব।”

তবে রাকসু ভবনে থাকা সংগঠনগুলোর সদস্যরা বলছেন, শুধু আশ্বাসে সন্তুষ্ট না হয়ে দ্রুত বিকল্প স্থান নির্ধারণ করা জরুরি।

ভবনটিতে বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (রুরু), সমকাল নাট্যচক্র, রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম, স্বনন, জাসাস, উদীচী, অনুশীলন নাট্যদল, এডুকেশন ক্লাব, তীর্থক, রাজশাহী বিশ্ববিদ্যালয় ড্রামা অ্যাসোসিয়েশন, বিথিরা, অরনী সাংস্কৃতিক সংসদ, গণশিল্পী সংস্থা এবং অ্যাসোসিয়েশন ফর কালচার অ্যান্ড এডুকেশনসহ ১৫টি সংগঠনের কার্যালয় রয়েছে।

রুরুর সভাপতি সোহাগ আলী বলেন, “নির্বাচনের আগে যদি আমাদের হঠাৎ সরে যেতে বলা হয়, তাহলে আমরা চরম সমস্যায় পড়ব। এখন পর্যন্ত প্রশাসন কোনো নিশ্চিত পরিকল্পনার কথা জানায়নি।”

কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মিজান শেখ বলেন, “সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সংস্কৃতি ও সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমরা চাই মানসম্মত বিকল্প মহড়া কক্ষ নিশ্চিত করে তারপরই ভবন ত্যাগের সিদ্ধান্ত নেওয়া হোক। আশ্বাসের ফুলঝুরি নয়, বাস্তবায়ন চাই।”

এর মধ্যে অনেকেই বিকল্প স্থানের জন্য সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) ব্যবহারের প্রস্তাব দিয়েছেন।

তবে টিএসসিসিতে পর্যাপ্ত কক্ষ নেই জানিয়ে ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব বলেন, “বিষয়টি নিয়ে সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করব। টিএসসিসিতে পর্যাপ্ত জায়গা না থাকায় আমাদের নতুন কিছু চিন্তা করতে হবে। ৫ অগাস্টের পর আমরা এ বিষয়টি নিয়ে বসব।”

সবশেষ রাকসু নির্বাচন হয়েছিল ১৯৮৯ সালে। দীর্ঘ সময় নির্বাচন না হওয়ায় রাকসু ভবনটি ১৯৯৫ সালের পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। 

৩৫ বছর পর রাকসু নির্বাচনের তফসিল, ভোট ১৫ সেপ্টেম্বর