লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার, এলাকায় মিষ্টি বিতরণ
“নুরুল আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনও পরিশোধ করতে পারিনি।”
লক্ষ্মীপুর বৈষম্যবিরোধী আন্দোলনে চার শিক্ষার্থী হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তির নাম নুরুল করিম। তিনি কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।
লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো বলেন, শনিবার রাতে চরলরেন্স গ্রামের বাড়ি থেকে নুরুল করিমকে আটক করেন তারা। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। তাকে লক্ষ্মীপুরে জেলা শহরের ৪ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে নুরুলের গ্রেপ্তারের খবর জানাজানির পর রোববার দুপুরে কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন স্থানীয় ১০-১৫ ব্যক্তি।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিল শেষে সাবেক ইউপি সদস্য নুরুল করিম, প্রবাসী মোস্তাফিজ হাওলাদার, ইসমাইল হোসেন, ব্যবসায়ী আব্দুল মান্নান, রোকন উদ্দিন ও সেলুন দোকানি আরিফ হোসেন বক্তব্য রাখেন। তারা নুরুল করিমের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণা, দখল ও হয়রানির অভিযোগ তোলেন।
আরিফ হোসেন বলেন, “নুরুল করিম আমাকে বিদেশ পাঠিয়ে কাজ না দিয়ে প্রতারণা করেছে। ঋণের টাকা এখনও পরিশোধ করতে পারিনি। টাকার চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়ছি।”
ব্যবসায়ী আব্দুল মান্নানের অভিযোগ, “রাতের অন্ধকারে নুরুল করিম আমার দোকানঘর ভেঙে দখল করে নেয়। অনেকের কাছেই গেছি, কেউ তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। টাকা দিয়ে তিনি সবাইকে ম্যানেজ করে নিতেন।”
চরলরেন্স ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. নুরুল করিম বলছিলেন, “নুরুল মানুষের দোকানপাট দখল করে ট্রলি চালক থেকে কয়েক কোটি টাকার মালিক হয়ে গেছে। আদম ব্যবসায়ীর নামে বিদেশে নিয়ে অসহায় গরীব মানুষের সঙ্গে প্রতারণা করেছে।”
আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নুরুলকে সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সাহাদাত হোসেন টিটো জানিয়েছেন।
