১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘জুলাই যোদ্ধা’ সুরভীর দুপুরে রিমান্ড, সন্ধ্যায় জামিন, রাতে কারামুক্ত

অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে আসামির জামিন মঞ্জুর করেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2026, 09:02 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার গাজীপুরের ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে রিমান্ড আদেশের কয়েক ঘণ্টায় মাথায় জামিন দিয়েছে আদালত। 

সোমবার সন্ধ্যা সোয়া ৬টায় অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে আসামি সুরভীর জামিন মঞ্জুর করেন বলে গাজীপুর আদালত পুলিশের পরিদর্শক ইন্সপেক্টর আব্দুল মান্নান জানান।

এরপর রাত সাড়ে ৭টার দিকে তিনি কারগার থেকে মুক্তি পেয়েছেন বলে গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ রফিকুল কাদের জানান।  

এর আগে দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত সুরভীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডের আদেশ দিয়েছিল। 

রিমান্ড আদেশের আগ থেকেই আদালতপাড়ায় ‘অভ্যুত্থানকারী ছাত্র-শ্রমিক-জনতা’র ব্যানারে জড়ো হয়ে বিক্ষোভ করেন জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীরা। 

এ সময় তারা সুরভীর মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। অবিলম্বে সুরভীকে মুক্তি না দেওয়া হলে সারাদেশে ‘ব্লকেড’ কর্মসূচির হুমকি দেন বিক্ষোভকারীরা। 

এর মধ্যে বিচারক শুনানি শেষে সুরভীর রিমান্ড মঞ্জুর করেন। 

গারদখানা থেকে প্রিজনভ্যানে তোলার সময় তাহরিমা জান্নাত সুরভী ক্ষোভ প্রকাশ করে বলতে থাকেন, “তদন্ত ছাড়া আমারে রিমান্ড দিছে। ম্যাজিস্ট্রেট কোর্টে কোনো তদন্ত রিপোর্ট দেওয়া হয়নি। কোনোরকম তদন্ত ছাড়াই আমারে রিমান্ড দিছে।” 

তখন বিক্ষোভকারীরা এজলাসের ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় আদালত পাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত বছরের ২৬ নভেম্বর গাজীপুরের কালিয়াকৈর থানায় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে মামলা হয়। পরে ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকায় বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।

তাহরিমা জান্নাত সুরভীর আইনজীবী আলী নাসের খান সাংবাদিকদের বলেন, “আদালত সন্ধ্যায় তাকে জামিন দিয়েছে। আমরা প্রথমে তার রিমান্ড বাতিল চাই, পরে তাকে চার সপ্তাহের জামিন দেয়। আমাদের সুরভী এখন মুক্ত। কিন্তু নাইমুর রহমান দুর্জয় নামে যে বাদী তার বিরুদ্ধে মামলা করেছেন তিনি এর আগে দেশ টিভির পরিচয়ে ‘সাহসিকতার পুরস্কার’ নিয়েছেন। তবে দেশ টিভি কর্তৃপক্ষ বলেছে, তিনি তাদের সাংবাদিক নন। 

“পরে আমরা জানতে পারি, তিনি ‘বাংলাদেশ প্রতিদিন’ পত্রিকার সাংবাদিক। সুরভীর ঘটনার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে। সুরভী যখন তার নামে মামলা করে, তখন তিনি প্রতিহিংসা থেকে মামলা করেন৷ একটি মহল এটিকে বিভিন্ন রং দেওয়ার চেষ্টা করছে৷ আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা এই জুলাই ও তার যোদ্ধাদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের মনে রাখতে হবে আবারও জুলাই নেমে আসবে৷”

আরও পড়ুন:

চাঁদাবাজির মামলায় 'জুলাই যোদ্ধা' সুরভী ২ দিনের রিমান্ডে

টঙ্গীতে 'জুলাই যোদ্ধা' তাহরিমা গ্রেপ্তার