সাংবাদিক বিকুলের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সভা
শুক্রবার দুজনের নাম দিয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিকুল চক্রবর্তী।
সাংবাদিক বিকুল চক্রবর্তীর ওপর হামলার ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবে প্রতিবাদ সভা হয়েছে।
রোববার বিকালে সাগরদীঘি সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা হয়।
প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি সমকালের উপজেলা প্রতিনিধি শামীম আক্তার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জ্যেষ্ঠ সহসভাপতি আরটিভি ও দৈনিক আমাদের সময়ের নিজস্ব প্রতিবেদক চৌধুরী ভাস্কর হোম, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, নিউ ন্যাশনের উপজেলা প্রতিনিধি আল ইব্রাহিম, দৈনিক বাংলার দিনের উপজেলা প্রতিনিধি রাসেল আহমদ, বাংলা টিভির উপজেলা প্রতিনিধি বর্ণ চক্রবর্তী।
বক্তারা বলেন, প্রকাশ্য একটি অনুষ্ঠান মঞ্চে নির্বাহী হাকিমের সামনে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের উপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এটি আইনশৃঙ্খলাকে প্রশ্নবিদ্ধ করে। দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
একই সঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক বিকুল চক্রবর্তীকে নিয়ে ‘মিথ্যা ও বানোয়াট’ বক্তব্য ফেইসবুকে ছাড়ানোর অভিযোগে আমির আলীকে গ্রেপ্তারের দাবি জানান সাংবাদিকরা।
সাংবাদিক বিকুল চক্রবর্তী শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টিভির জেলা প্রতিনিধি।
হামলার ঘটনায় শুক্রবার তিনি দুজনের নাম দিয়ে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
লিখিত অভিযোগে বলা হয়েছে, শুক্রবার বিকালে সবুজবাগ দোল উৎসবের আয়োজন করা হয়। সেখানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহিবুল্লাহ আকন্দ, উপজেলা বিএনপির প্রাক্তন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃনাল কান্তি দাশ তাপস ও বিকুল চক্রবর্তী অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে ওই এলাকার সুব্রত চক্রবর্তী সাংবাদিক বিকুল চক্রবর্তীকে ‘আওয়ামী লীগের দালাল, বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করছে’- এসব বলে মঞ্চে আক্রমণ করতে যান। তখন মঞ্চে থাকা অনুষ্ঠানের আহ্বায়ক ও ইউপি সদস্য পিয়াস দাসসহ অন্যরা সুব্রতকে প্রতিহত করেন এবং অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন।
পরবর্তীতে যখন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী ভার্চুয়ালি বক্তব্য দিচ্ছিলেন তখন সুব্রত এসে পুনরায় মঞ্চে বিকুল চক্রবর্তীর উপর আক্রমণ করতে আসেন। তখন উপস্থিত লোকজন সুব্রতকে আবার অনুষ্ঠানস্থল থেকে বের করে দেন। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন অতিথিরা সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা চলে যাওয়ার পর শ্মশানঘাটের রাস্তার উপর দলবল নিয়ে সুব্রত আবারো বিকুল চক্রবর্তীর উপর আক্রমণ করে। এতে বিকুল কিছুটা আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে সুব্রত দলবল নিয়ে পালিয়ে যান।
পরবর্তীতে বিকুল চক্রবর্তীকে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান উপস্থিত লোকজন।
আরও পড়ুন:
