২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় ‘২৪ ঘণ্টা খোলা থাকা’ হোটেলটি বন্ধ থাকবে টানা তিনদিন

হোটেলটিতে কয়েকদিন আগে বেটে রাখা পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত মসলা দিয়ে খাবার রান্না করতে দেখা গেছে।

চুয়াডাঙ্গায় ‘২৪ ঘণ্টা খোলা থাকা’ হোটেলটি বন্ধ থাকবে টানা তিনদিন

হোটেলের সামনে ভোক্তা অধিকারের অভিযান দল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2022, 09:23 PM

Updated : 04 Sep 2022, 09:23 PM

চুয়াডাঙ্গার চব্বিশ ঘণ্টা খোলা থাকা একটি খাবার হোটেলকে টানা তিনদিন বন্ধ রাখার নির্দেশসহ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মেয়াদহীন-অস্বাস্থ্যকর খাবার তৈরি ও বিক্রির দায়ে রোববার দুপুরে এক অভিযানে ‘নিউ হোটেল আল আমিন’ নামের ওই প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ পদক্ষেপ নেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি জানান, দিনরাত হোটেলটি খোলা থাকে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা চলে। রুটি, পরোটা, ভাত, পোলাও, সিঙ্গারা, মোগলাই পরোটা ও নানা ধরনের মিষ্টান্ন এখানে বিক্রি হয়।

হোটেলটির বিরুদ্ধে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অভিযোগ ছিল জানিয়ে তিনি বলেন, রোববার দুপুরে অভিযানে গিয়ে দেখা যায় কয়েকদিন আগে বেটে রাখা পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত মসলা দিয়ে খাবার রান্না করা হচ্ছে। রান্নার কাজে নিয়োজিত নারী কর্মীদের মধ্যেও স্বাস্থ্যসচেতনতার অভাব ছিল। বিক্রির উদ্দেশ্যে বাইরে থেকে মেয়াদহীন দই ও রসমালাই এনে ফ্রিজে রাখা হয়েছিল।

“হোটেল মালিক জরিমানার টাকা পরিশোধ করেছেন।”

রোববার বিকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের দৌলাতদিয়াড় গ্রামে আরেক অভিযানে মৌসুমি ফুড প্রোডাক্টস নামে এক বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।