২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২০

এ সময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

পূর্ব বিরোধের জেরে হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সংঘর্ষের পর ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 06:38 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের বিরাট উজান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম।

আহতদের মধ্যে সোহেল মিয়া (৪৫) এবং মো. গিয়াস উদ্দিনকে (৫৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিরাট উজান পাড়ার রাজাহাটী গ্রামের জজ মিয়ার সঙ্গে বাঁশহাটিয়া গ্রামের মুজিবর রহমান ওরফে মজু মেম্বারের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

মাসখানেক আগে মজু মেম্বারের ভাতিজাকে জজ মিয়ার লোকজন মহিষ চুরির অভিযোগে আটক করে থানায় দেয়। পরে বিষয়টি স্থানীয়দের মধ্যস্থতায় সালিশে নিষ্পত্তিও করা হয়। এ ঘটনার জেরে মঙ্গলবার মজু মেম্বারের লোকজন জজ মিয়ার পক্ষের একজনকে মারধর করেন।

বুধবার জজ মিয়ার লোকজন মজু মেম্বারের একজনকে মারধর করেন। বিষয়টি নিয়ে বুধবার রাতে উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এরই জেরে বৃহস্পতিবার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ওসি শফিকুল ইসলাম বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।