শেরপুরে এনসিপির সাংগঠনিক সম্পাদক পদে যুবলীগ নেতা
“বর্তমানে যুবলীগের কোনো কার্যক্রম নেই, তাই এনসিপিতে যোগ দিয়েছি।”
শেরপুর জেলা শাখা জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ পেয়েছেন যুবলীগের এক নেতা।
বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত ৫৬ সদস্যবিশিষ্ট জেলা সমন্বয় কমিটি অনুমোদন করা হয়। কমিটি ঘোষণার পর থেকে বিষয়টি আলোচনায় আসে।
পদ পাওয়া মো. রকিবুল ইসলাম নালিতাবাড়ী পৌর যুবলীগ শাখার ক্রীড়া সম্পাদক। তিনি যুবলীগ থেকে এখনো পদত্যাগ করেননি।
রকিবুল নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের আব্দুল কুদ্দুসের ছেলে। তার বাবা আব্দুল কুদ্দুস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। রকিবুল নিজেও মরিচপুরান ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন।
২০১৮ ও ২০২৪ সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বেগম মতিয়া চৌধুরীর পক্ষে রকিবুল সক্রিয়ভাবে কাজও করেছেন বলে দাবি স্থানীয়দের।
যুবলীগ ছেড়ে এনসিপিতে যোগদানের কারণ জানতে চাইলে রকিবুল বলেন, “যুবলীগে আমাকে কার্যক্রম করতে দেওয়া হয়নি। ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিলাম। সেখানেও পদ দেয়নি।
“যুবলীগের সব কার্যক্রম থেকে আমাকে বাদ দিয়ে রেখেছিল। বর্তমানে যুবলীগের কোনো কার্যক্রম নেই তাই এনসিপিতে যোগ দিয়েছি।”
শেরপুর জেলা এনসিপির আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়া বলেন, “রকিবুল ইসলাম যুবলীগের পদে ছিলেন, বিষয়টি আমরা অবগত ছিলাম না। তিনি এনসিপির কার্যক্রমে সক্রিয় ছিলেন, তাই পদায়িত হয়েছেন।
“যেহেতু আমরা এখন তার সম্পর্কে যুবলীগের পদে থাকার অভিযোগ পেয়েছি, তাই তদন্ত সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
