জামালপুরে আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের পাল্টাপাল্টি ধাওয়া
পুলিশ জানায়, ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
জামালপুরে আন্দোলনকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল করলেও আওয়ামী লীগের সঙ্গে পাল্টপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার দুপুরে জামালপুর-টাঙ্গাইল সড়কের বাইপাস মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি মির্জা আজম চত্বরে গিয়ে সড়ক অবরোধ করে। এক ঘন্টা পর শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রদক্ষিণ করে কলেজ রোড দিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের দিকে অগ্রসর হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি নতুন হাইস্কল মোড়ে পৌঁছলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাধার মুখে পড়ে। এ সময় শিক্ষার্থী ও নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, দুই পক্ষের ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে দুই পক্ষই ছত্রভঙ্গ হয়ে যায়।
জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস মো. সোহেল মাহমুদ জানান, মির্জা আজম চত্বরে পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল নিয়ে আশেক মাহমুদ কলেজ হয়ে আওয়ামী লীগের কার্যালয়ের দিকে অগ্রসর হয়। নতুন হাইস্কুল মোড়ে পৌঁছে ইটপাটকেল ছুড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১২ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ বা শিক্ষার্থীর কেউ আহত হননি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
