২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে হাজির ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2024, 11:27 PM

Updated : 10 Sep 2026, 12:05 PM

মৌলভীবাজারে ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। একইসঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানাও করা হয়।

বুধবার দুপুরে ট্রাইবুন্যালের বিচারক মো. সোলায়মান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নিখিল রঞ্জন দাশ।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন- মৌলভীবাজার জেলার রাজনগর থানার ছিক্কা গ্রামের মজমিলের ছেলে আবারক মিয়া ও দক্ষিণ কাসিমপুরের মৃত হামদু মিয়ার ছেলে জয়নাল মিয়া।

রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথির বরাতে নিখিল রঞ্জন দাশ জানান, ২০১৮ সালের ৩০ মে ধান কেনার জন্য ৭০ হাজার টাকা নিয়ে রাজনগরের উদ্দেশে বাড়ি থেকে বের হন রাশেদা বেগম।

ওই দিন সন্ধ্যার পর বাদীর বোন রাশেদা বেগমের মোবাইল ফোনে কল করলে তিনি ভাইকে জানান যে, তিনি রাজনগর পৌঁছেছেন। কিন্তু রাত ৮টার দিকেও বাড়ি না ফিরলে বাদীর আরেক ছোট বোনের ব্যবহৃত মোবাইল ফোন থেকে কল দিলে রাশেদা জানান, রাজনগর থানাধীন তাদের পরিচিত আবারকের বাড়িতে ঢুকছেন তিনি। একটু পর কল দেবে বলে ফোন রেখে দেন। কিন্তু এর পর থেকে তার আর কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি।

বাদী মামলায় আরও বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় রাশেদা বেগমের পরনে কালো রংয়ের বোরকা ও লাল-সবুজ রংয়ের কামিজ ছিল।

তাকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। পরে তিনদিন পর রাজনগর থানায় এসে জানতে পারেন, পুলিশ অজ্ঞাতনামা এক নারীর লাশ করে উদ্ধার করেছে। যার বয়স ৩০/৩৫ বছর হবে। লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।

পরে স্বজনরা মর্গে গিয়ে মৃতদেহ শনাক্ত করেন।

এ ঘটনায় ওই নারীর ভাই বাদী হয়ে পরদিন রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনালের পিপি নিখিল রঞ্জন দাশ আরও জানান, রাশেদা বেগমকে দলবেঁধে ধর্ষণ ও হত্যা করায় ২০১৮ সালের ২ জুন তার ভাই আব্দুল খালিদ বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন।

রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে আইনজীবী নিখিল রঞ্জন ছাড়াও আসামির পক্ষের আইনজীবী সানোয়ার হোসেন উপস্থিত ছিলেন।