২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে প্রাইভেট কারের চাকা ফেটে অটোভ্যানে ধাক্কা, নিহত ১

গুরুতর আহত ভ্যান চালককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশালে প্রাইভেট কারের চাকা ফেটে অটোভ্যানে ধাক্কা, নিহত ১
দুর্ঘটনার প্রাইভেট কারটির চালককে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটিও।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 09:38 AM

বরিশালের উজিরপুর উপজেলায় চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো প্রাইভেট কারের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানের এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ভ্যানের চালকসহ তিনজন। 

বৃহস্পতিবার সকালে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন গৌরনদী মহাসড়ক থানার এসআই কামরুজ্জামান। 

নিহত জোহান ব্যাপারী (৫৫) উপজেলার ধামসর গ্রামের মৃত নির্মল বেপারীর ছেলে। 

আহতরা হলেন, ভ্যানগাড়ি চালক আ. জলিল ঢালী (৫০), ভ্যানযাত্রী শামীম গোমস্তা (৫০) ও সুমন মোল্লা (২৫)। 

এ ঘটনায় প্রাইভেট কারটির চালক মো. শরিফ মিয়াকে (২৬) আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে গাড়িটিও। শরিফ নেত্রকোণা জেলার নয়াবাজার এলাকার মৃত মো. সবুজ মিয়ার ছেলে। 

এসআই কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রী নিয়ে ভ্যানচালক উজিরপুরের ধামসর বাজার থেকে ইচলাদী বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন। আর প্রাইভেট কারটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। 

“ঢাকা-বরিশাল মহাসড়কের শিকারপুর এলাকার সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছুলে প্রাইভেট কারের সামনের বাম পাশের চাকা ফেটে যায়। 

“তখন প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে চালকসহ তিন আরোহীর সবাই আহত হয়।” 

তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক জোহান ব্যাপারীকে মৃত ঘোষণা করেন। 

এছাড়া গুরুতর আহত ভ্যান চালককে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুইজন উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। 

আটক প্রাইভেট কার চালক স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, বুধবার রাত ২টায় ঢাকার উত্তরা থেকে তিন যাত্রীকে নিয়ে তিনি বরিশালের উদ্দেশ্যে রওনা দেন। পথে চাকা ফেটে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। 

কামরুজ্জামান আরও জানান, আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আটক প্রাইভেট কার চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।