নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১২
এক যুবদল কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির প্রচার সম্পাদকের।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিজয় দিবসের কর্মসূচিতে পরস্পরবিরোধী স্লোগান দেওয়ার জেরে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সোনারগাঁ উপজেলা চত্বরে উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাবেক সংসদ সদস্য মো. রেজাউল করিমের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
আহতরা হলেন, আজহারুল ইসলামের পক্ষের যুবদল কর্মী মো. রতন, মামুন মোল্লা, রনি মোল্লা, মোবারক মোল্লা, রিফাত মোল্লা ও মো. ভুবন এবং রেজাউল করিমের পক্ষের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সোনারগাঁ যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নূর ই ইয়াসিন, যুবদল নেতা আতাউর রহমান, হাবিবুর রহমান, যুবদল কর্মী শাহ পরাণ ও শাহ আলম।
তাদের মধ্যে যুবদল কর্মী মো. রতনকে কুপিয়ে জখম করা হয়েছে বলে দাবি উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেনের। রতন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, সকালে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে উপজেলা পরিষদ চত্বরে নেতাকর্মীদের নিয়ে জড়ো হন আজহারুল ইসলাম মান্নান। শহীদ মিনারে ফুল দেওয়ার পর ইউএনও ও ওসির সঙ্গে বৈঠক করার সময় একদল নেতাকর্মী নিয়ে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে আসেন রেজাউল করিম। তখন দুপক্ষের নেতাকর্মীরা একে-অপরের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির পর সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
আজহারুল ইসলাম মান্নানের লোক হিসেবে পরিচিত উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন বলেন, “তারা ফ্যাসিবাদের দালালদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসলে নেতাকর্মীরা স্লোগান দেন। এ কারণে যুবদল নেতা নূর ই ইয়াসিনের নেতৃত্বে আমাদের ওপর হামলা হয়।”
যদিও অভিযোগ অস্বীকার করে নূর ই ইয়াসিন বলেন, “মান্নান সাহেবকে শ্রদ্ধা জানানোর জন্য নির্ধারিত সময় বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়ের পর আমরা নেতাকর্মী নিয়ে শ্রদ্ধা জানাতে গেলে সেখানে থাকা মান্নান সাহেবের লোকজন আমাদের কটূক্তিসহ নানা শ্লোগান দেয়। এ নিয়ে সংঘর্ষ হয়। তারাই বিষয়টিকে উসকে দিয়েছে।”
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ আব্দুল বারী বলেন, “ঘটনার সময় আমি সেখানেই ছিলাম। পুরোনো বিরোধ থেকে হাতাহাতি ও ইট-পাটকেল নিক্ষেপ হয়েছে। আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। পরে শুনেছি, এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।”
