নেত্রকোণায় বাস-অটোরিকশা সংঘর্ষে আওয়ামী লীগ নেতা নিহত
“ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কামরুজ্জামানের মৃত্যু হয়।”
নেত্রকোণার আটপাড়া উপজেলায় বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক আওয়ামী লীগ নেতার প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
বুধবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার নেত্রকোণা-মদন সড়কের বাগজান এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে আটপাড়া থানার ওসি মো. আশরাফুজ্জামান জানান।
নিহত কামরুজ্জামান কামাল (৫১) আটপাড়ার শ্রীরামপাশা গ্রামের বাসিন্দা।
আহতদের উদ্ধার করে নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ জানালেও তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি।
ওসি বলেন, “সকালে ঘন কুয়াশার মধ্যে নেত্রকোণা শহর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা মদন থেকে নেত্রকোণা শহরগামী একটি যাত্রী বোঝাই একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী কামরুজ্জামানের মৃত্যু হয়।”
ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান ওসি আশরাফুজ্জামান।
