Published : 18 Jan 2026, 03:51 PM
সিলেট নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সিলেট কোতোয়ালী থানার ওসি মঈনুল জাকির বলেন, শনিবার রাত ২টার দিকে নগরীর তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।
হাসপাতাল থেকে লাশ উদ্ধার করলেও দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে তা বলতে পারছে না পুলিশ।
নিহতরা হলেন- সুনামগঞ্জের শাল্লার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) এবং ছাতক মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)। ইমনের মামাতো ভাই হলেন নিহত দীপ্ত।
তারা পরিবারের সঙ্গে নগরীর তালতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন। দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির এবং ইমন সিলেট মদনমোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, গভীর রাতে একটি মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়। এতে ২২-২৩ বছর বয়সী দুই তরুণ গুরুতর আহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানার ওসি মঈনুল জাকির বলেন, দুটি মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে ময়নাতদন্তের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
“তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও সংঘর্ষের ধরন এখনও নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনো জানা যায়নি। আশপাশের সিসিটিভি ভিডিও দেখা হবে। শুনেছি, ফায়ার সার্ভিস আহতদের হাসপাতালে নিয়ে আসে।”