Published : 02 Feb 2026, 11:33 AM
পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকচাপায় এক মেডিকেল টেকনোলজিস্ট নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ৯টার দিকে দেবীগঞ্জ-বোদা এশিয়ান মহাসড়কের পাকুড়িতলা মদিনা কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে দেবীগঞ্জ থানার ওসি কে এম মনিরুজ্জামান চৌধুরী জানিয়েছেন।
নিহত ৩৮ বছর বয়সী সমেস চন্দ্র দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের কাটনহারী আরাজী এলাকার হরি কিশোর বর্মনের ছেলে।
তিনি দেবীগঞ্জ পৌর শহরের ‘মায়ের হাসি ডায়াগনস্টিক সেন্টারে’ মেডিকেল টেকনোলজিস্ট ছিলেন।
আটক ট্রাকচালক মো. সাদ্দাম হোসেন (৩৬) ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, কাজ শেষে বাড়ি ফেরার পথে একটি বালুবোঝাই দ্রুতগতির ট্রাক সমেসকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে ট্রাকটি তাকে রাস্তার সঙ্গে পিষে দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান।
স্থানীয়দের অভিযোগ, দেবীগঞ্জ-বোদা এশিয়ান মহাসড়কে ‘অপরিকল্পিত’ ও ‘ত্রুটিপূর্ণ’ স্পিড ব্রেকারের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। দ্রুতগতির যানবাহন হঠাৎ ব্রেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এমন দুর্ঘটনার শিকার হচ্ছে।
ওসি মনিরুজ্জামান চৌধুরী বলেন, দুর্ঘটনার পর ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।