মেয়ের বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মায়ের
গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে অসাবধানতাবশত লিকেজ বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি।
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মেয়ের বিয়ের আগের দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক গৃহবধূর প্রাণ গেছে।
খাজরা ইউনিয়নের ঘুঘুমারি গ্রামে মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খান জানান।
মৃত ৩৫ বছর বয়সী দীপিকা সানা ওই গ্রামের কৃষক দেবাশীষ সানার স্ত্রী। তার লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সমাজকর্মী কৃষ্ণ ব্যানার্জী বলেন, দীপিকা সকালে গরুর দুধ দোহানোর জন্য গোয়ালঘর পরিষ্কার করতে যান। এ সময় অসাবধানতাবশত লিকেজ বিদ্যুতের তারে স্পৃষ্ট হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খাজরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু বলছিলেন, দীপিকা-দেবাশীষ দম্পতির ঘরে তিন সন্তান রয়েছে। সন্তানদের লেখাপড়া ও ভবিষ্যতের স্বপ্ন পূরণে দুজনেই কঠোর পরিশ্রম করতেন।
এ দম্পতির সন্তানরা হলেন- অভীক সানা (১৯), অর্পিতা সানা (১৮) ও অর্ণব সানা (৯)।
নিহতের পরিবার বলছে, দীপিকা-দেবাশীষ দম্পতির দ্বিতীয় সন্তান অর্পিতা সানার বিয়ে বুধবার ঠিক ছিল। বাড়িতে চলছিল শেষ মুহূর্তের প্রস্তুতি। নিজের হাতে ঘরদোর গুছিয়েছিলেন দীপিকা। কিন্তু তার নির্মম মৃত্যুতে বিয়ের বাড়ি মুহূর্তেই হয়ে উঠল শোকের বাড়ি।
দীপিতার মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবার সৎকার করবে বলে ওসি শামীম আহমেদ খান জানিয়েছেন।
