২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলফনামা: ওয়াদুদের আয় কৃষি-ব্যবসায়, সম্পদ সাড়ে ১১ কোটির

বিএনপি নেতা ওয়াদুদ ভূঁঞা খাগড়াছড়ি থেকে দুই বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2026, 07:41 PM

Updated : 10 Sep 2026, 12:46 PM

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁঞা কৃষিখাত ও ব্যবসা থেকে তার আয় দেখিয়েছেন।  

হলফনামা অনুযায়ী, তিনি কৃষিখাত থেকে বার্ষিক আয় দেখিয়েছেন সাত লাখ নয় হাজার ৭৬০ টাকা। আর ব্যবসা থেকে আয় দেখিয়েছেন ৪৪ লাখ ৩৬ হাজার ১৩৭ টাকা। 

এ ছাড়া শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত থেকেও তার আয় রয়েছে। এসব খাতে আয় দেখিয়েছেন চার লাখ ৪৮ হাজার টাকার বেশি। 

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আবদুল ওয়াদুদ ভূঁঞা পেশা হিসেবে রাজনীতি ও ব্যবসার কথা বলেছেন। ছালেহ আহমেদ ভূঁঞা ও বিয়া ছালেহর সন্তান ওয়াদুদ। 

তিনি খাগড়াছড়ি আসনের দুই বারের নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সহকর্মসংস্থান বিষয়ক সম্পাদক। তার স্ত্রী জাকিয়া জিনাত বীথিও রাজনীতির সঙ্গে যুক্ত। তিনিও পেশা হিসেবে ব্যবসা দেখিয়েছেন।

হলফনামায় ২৬টি ফৌজদারি মামলার কথা বলা হয়েছে। এর মধ্যে ২১টি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি চারটিতে বেকসুর খালাস এবং একটি মামলায় নথিজাত অবস্থায় রয়েছে। 

আবদুল ওয়াদুদ ভূঁঞার হাতে নগদ অর্থ আছে এক লাখ ৩৩ হাজার ৬২০ টাকা। স্ত্রীর কাছে চার লাখ নয় হাজার টাকার বেশি। ব্যাংকে জমাকৃত অর্থের পরিমাণ ছয় কোটি ১৪ লাখ টাকার বেশি, বন্ড, ঋণপত্র স্টক একচেঞ্জ তালিকাভুক্ত ও তালিকাভুক্ত নয় কোম্পানির শেয়ার (পরিমাণ অর্জনকালীন সময়ের মূল্য, বর্তমান মূল্যসহ) রয়েছে ৫৪ লাখ ২৫ হাজার টাকা। 

এ ছাড়া সঞ্চয়পত্র, স্থায়ী আমানত (ফিক্সড ডিপোজিট), ডাক সঞ্চয়পত্রে বিনিয়োগ, বিমা ও ট্রাস্ট্রের মূল্য, বাস, ট্রাক, মোটরযান ও মোটরসাইকেল ইত্যাদির বিবরণ (অধিগ্রহণকালে মূল্য), সোনা ও অন্যান্য মূল্যবান ধাতুসহ অস্থাবর সম্পদের পরিমাণ আট কোটি ৯৪ লাখ ৫১ হাজার ৬২৯ টাকা।

অস্থাবর সম্পত্তির মধ্যে রয়েছে অকৃষি জমি; যার অর্জনকালীন আর্থিক মূল্য এক কোটি ৩৭ লাখ ৯৮ হাজার ১০১ টাকা। আবাসিক বা বাণিজ্যিক ভবন বাবদ; অধিগ্রহণকালে আর্থিক মূল্য দুই কোটি ২০ লাখ সাত হাজার ৫০০ টাকা। 

বাড়ি/অ্যাপার্টমেন্ট বাবদ; অধিগ্রহণকালে আর্থিক মূল্য ৮৫ লাখ টাকা। সব মিলিয়ে অর্জনকালীন স্থাবর সম্পদের মূল্য চার কোটি ৬৩ লাখ নয় লাখ দুই হাজার ৫১ টাকা দেখানো হয়েছে। সম্পদের বর্তমান আনুমানিক মূল্য ২৫ কোটি টাকা।

হলফনামায় ওয়াদুদ ভূঁইয়া জানান, তিনি ১৯৯৬ এবং ২০০১ সালে খাগড়াছড়ি আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর ভোটারদের কাছে করা নির্বাচনপূর্ব প্রতিশ্রুতির অংশ হিসেবে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থানসহ আর্থ-সামাজিক উন্নয়ন করেছেন। 

এ ছাড়া সড়ক ও অবকাঠামোগত উন্নয়ন খাতে রাস্তা, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, প্যাগোডা, ব্রিজ ও শহরের সৌন্দর্য্য বর্ধন করেছেন।

আইন-শৃঙ্খলার উন্নয়নের অংশ হিসেবে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। 

হলফনামা থেকে জানা যায়, আবদুল ওয়াদুদ ভূঁঞা সবশেষ ২০২৪-২৪ অর্থবছরে দাখিলকৃত আয়কর রির্টানে আয়ের পরিমাণ দেখিয়েছেন ৫৫ লাখ ৯৪ হাজার ৭৫৬ টাকা। এ ছাড়া মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১১ কোটি ৩৪ লাখ ১ হাজার ২৯৫ টাকা এবং মোট প্রদত্ত করের পরিমান ১৩ লাখ ২৬ হাজার ৫২০ টাকা। 

এ ছাড়া স্ত্রী জাকিয়া জিনাত বীথির আয়ের পরিমাণ দেখানো হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৩৪৫ টাকা। মোট সম্পদের পরিমাণ ৪৪ লাখ ৪৯ হাজার ৬৫২ টাকা। তার দেওয়া করের পরিমাণ ২৯১৯ টাকা। 

সাত লাখ ১১ হাজারের বেশি জনসংখ্যার এই জেলায় মোট ভোটার পাঁচ লাখ ৪৫ হাজার ৬৮৮ জন; এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৭৬ হাজার ১৩ জন এবং নারী ভোটার দুই লাখ ৬৯ হাজার ১১ জন।