২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আচরণবিধি লঙ্ঘন’: সারজিস-নওশাদকে শোকজ

উভয় প্রার্থীর কাছে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

‘আচরণবিধি লঙ্ঘন’: সারজিস-নওশাদকে শোকজ
(বাঁ থেকে) সারজিস আলম ও নওশাদ জমির

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2026, 09:50 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনে এনসিপির প্রার্থী সারজিস আলম ও বিএনপির প্রার্থী মুহাম্মদ নওশাদ জমিরকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। 

শনিবার বিকালে ওই দুই প্রার্থীকে আলাদাভাবে নোটিস করার বিষয়টি জানিয়েছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান।

নোটিসে বলা হয়েছে, শুক্রবার অনুষ্ঠিত জনসভায় সারজিস আলম তার নির্বাচনি জোট প্রধানকে স্বাগত জানিয়ে তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করেন। 

“অথচ নির্বাচনি আচরণ বিধিমালা অনুযায়ী, কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী কেবল নিজ দলীয় প্রধানের ছবি ও প্রচার সামগ্রী ব্যবহার করতে পারবেন।”

সারজিস আলম অন্য দলের প্রধানের ছবি ব্যবহার করে ব্যানার ও বিলবোর্ড স্থাপন করায় আচরণ বিধির লঙ্ঘন হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়। 

এছাড়া নির্দেশ অমান্য করে তিনটি তোরণ নির্মাণ করা হয়, যা আচরণ বিধিমালা লঙ্ঘনের শামিল বলে নোটিসে আছে। 

অন্যদিকে, বিএনপি প্রার্থী নওশাদ জমিরের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, গত শুক্রবার বিকাল থেকে পঞ্চগড় পৌর এলাকায় জেলা প্রশাসন, পুলিশ ও পৌরসভার সহযোগিতায় পরিচালিত অভিযানে তার বা তার কর্মী-সমর্থকদের মাধ্যমে একাধিক আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে।

অনুমোদিত ১৮ ইঞ্চি ও ২৪ ইঞ্চি আকারের পরিবর্তে প্রায় ৬ ফুট ও ৩ ফুট আকারের ফেস্টুন ব্যবহারের অভিযোগও আনা হয় বিএনপি প্রার্থীর বিরুদ্ধে।

এছাড়া আইডির লিংক না দিয়ে ফেইসবুকে প্রচার চালানো, দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সঙ্গে বাকবিতণ্ডা, গভীর রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবৈধ জমায়েত এবং সরকারি গণভোটের প্রচার ব্যানার ছেঁড়ার হুমকির অভিযোগও নোটিসে উল্লেখ করা হয়েছে। 

এসব ঘটনায় উভয় প্রার্থীকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে অথবা প্রতিনিধির মাধ্যমে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিসে সতর্ক করা হয়।

পঞ্চগড়ের ডিসি ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান বলেন, “উভয় প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেছে। শোকজের মাধ্যমে তাদের কাছে ২৪ ঘণ্টার মধ্যে জবাব চেয়ে নোটিস করা হয়েছে।

তবে এ বিষয়ে সারজিস আলম ও নওশাদ জামিরের বক্তব্য জানার জন্য ফোনে যোগাযোগ করা হলেও তাদের সাড়া মেলেনি।