বরিশালে বিএনপির দুই নেতার বাসায় হামলা-ভাঙচুর
বেশ কিছু মোটরসাইকেলে হেলমেট ও মুখোশ পরিহিত লোকজন এ হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শী একজন জানান।
বরিশাল মহানগর বিএনপির বর্তমান-সাবেক যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটু ও সৈয়দ আকবরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত জানিয়েছেন।
আকবরের অভিযোগ, ৩০-৪০টি মোটরসাইকেলে হেলমেট ও মুখোশ পরিহিত দুর্বৃত্তরা চাপাতি, রামদা ও হকিস্টিক নিয়ে তার বাসায় হামলা চালায়। বাসার জানালার কাচ ভাঙচুর করে পালিয়ে যায়।
এদিকে, রুবেল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “নাজিরের পোল থেকে ১২টি মোটরসাইকেলে হেলমেট ও মানকি টুপি পরিহিত কয়েকজন কাউনিয়া প্রধান সড়কে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম লিটুর খান ভিলার বাসায় হামলা চালায়। তারা বাসার গেইট ও ভেতরে প্রবেশ করে দুইটি মোটরসাইকেলও ভাঙচুর করেছে।”
এ সময় আরো দুইটি থ্রি-হুইলারে অজ্ঞাত যুবকরা এসে হামলাকারীদের সঙ্গে যোগ দেন। তারা বিএনপি নেতা লিটুর নাম ধরে গালাগালি করেন।
লিটুর অভিযোগ, হামলার সময় বাসায় তার স্ত্রী ও দুই সন্তান আতংকিত হয়ে পড়েন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খবর পেয়ে দুই নেতার বাসায় ছুটে যান বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির, কেএম শহীদুল্লাহ, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি মহসিন মন্টু, বিএনপির মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুল হক তারিন, সরোয়ার হোসেন।
জাহিদুল কবির বলেন, “কাপুরুষের মত হামলা করা হয়েছে। কারা করেছে এটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দলের কোনো লোক যদি জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় হাই কমান্ডের কাছে নালিশ জানানো হবে। আপাতত দুই নেতাই থানায় অভিযোগ দেবেন।”
নাম প্রকাশ না করার শর্তে বিএনপির কয়েকজন নেতা বলেন, বরিশাল মহানগর বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। বর্তমান কমিটির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্যসচিব জিয়াউদ্দিন সিকদার এক পক্ষের নেতৃত্ব দেন।
অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক সদস্যসচিব মীর জাহিদুল কবির জাহিদ।
সম্প্রতি মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হালিম মৃধার ওপর হামলা নিয়ে বিরোধ চরমে ওঠে। তার ওপর হামলার ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালনসহ নিন্দা-প্রতিবাদ জানানোর জেরে এ ঘটনা ঘটেছে।
তবে বিষয়টি অস্বীকার করে বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক বলেন, “বর্তমানে আমরা ঢাকায় রয়েছি। নাজিরের পোল এলাকায় একটি ক্লাবে নিয়মিত জুয়া চলে। জুয়া নিয়ে বিরোধে দুই নেতার বাসায় হামলা হয়েছে। আমরা বরিশাল ফিরে বিষয়টি তদন্ত করে ক্লাবটি স্থায়ীভাবে বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে।”
মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত বলেন, “খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা হামলা চালিয়েছে, নিশ্চিত করে তারা কারো নাম বলতে পারেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।”
