Published : 05 Jun 2025, 12:25 PM
ঈদুল আজহাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। একই সঙ্গে বেড়েছে যমুনা সেতুতে টোল আদায়ের পরিমাণও।
গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৫১ হাজার ৮৪৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা টোল আদায় করেছে সেতু কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করেছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫ টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা।
অপরদিকে ঢাকাগামী ২১ হাজার ৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।
সাধারণ দিনগুলোতে যমুনা সেতু দিয়ে প্রাতিদিন ২০ থেকে ২১ হাজার যানবাহন পারাপার হয়। এ সময় দেড় থেকে দুই কোটি টাকা টোল আদায় হয় বলে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান।
তিনি বলেন, “যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম অংশে আলাদা মোটরসাইকেলের লেনসহ নয়টি করে ১৮টি টোল বুথ স্থাপন স্থাপন করা হয়েছে।”
এছাড়া সেতুর ওপর কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে যানজট নিরসনে দুটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পাভেল।