২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থানা ফটকে নেচে-গেয়ে টিকটক, আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

শিউলী নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2025, 06:22 PM

Updated : 26 Aug 2026, 11:48 AM

নাটোরের বড়াইগ্রাম থানা ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও ধারণের অভিযোগে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার রাতে লক্ষ্মীপুর এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান বড়াইগ্রাম থানার ওসি মো. সিরাজুল ইসলাম। 

গ্রেপ্তার শিউলী খাতুন (৪২) নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং বড়াইগ্রাম পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি। তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুটবল মার্কায় নির্বাচন করে পরাজিত হন।

শিউলি বড়াইগ্রাম পৌরসভার লক্ষ্মীপুর মহল্লার জিয়াউর রহমানের প্রাক্তণ স্ত্রী। 

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, “থানার ভেতর ফটকের সামনে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানান শিউলি। সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার সৃষ্টি হয়। পরে রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।”

টিকটক নিয়ে সমালোচনার মধ্যে গ্রেপ্তারের আগে আওয়ামী লীগ নেত্রী শিউলি খাতুন সাংবাদিকদের বলেন, “টিকটক করা আমার নেশা। সে কারণেই ভিডিওটি ধারণ করেছিলাম। পরে বুঝতে পেরেছি থানার সামনে কাজটি করা ঠিক হয়নি।”

বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “আমাদের অগোচরে ১৭ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়েছে। মঙ্গলবার তাকে মামলা দিয়ে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।”