২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসু ভোট: উত্তপ্ত ক্যাম্পাস, মুখোমুখি প্রার্থী-সংগঠন

সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করে ছাত্র সংগঠনগুলো।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 07:53 PM

Updated : 10 Sep 2026, 12:45 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে নির্ধারিত দিনে ভোটগ্রহণ করা না করা নিয়ে প্রতিদ্বন্দ্বী প্যানেল, প্রার্থী ও সংগঠনগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। 

সোমবার সন্ধ্যার পর থেকেই ক্যাম্পাসের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে অবস্থান নিতে শুরু করে ছাত্র সংগঠনগুলো। 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা বৃহস্পতিবার ভোটগ্রহণের দাবিতে স্লোগান দিতে থাকেন। 

তারপর সেখানে অবস্থানরত বামপন্থি ছাত্র সংগঠনগুলো ও কয়েকজন স্বতন্ত্র প্রার্থী ভোট পিছিয়ে দেওয়ার দাবিতে স্লোগান তোলেন। 

সন্ধ্যা ৭টার দিকে নির্বাচন ভবনের সামনে আসে ছাত্রদল। তাদের নেতাকর্মীরাও নির্বাচন পেছানোর দাবিতে স্লোগান দিতে থাকেন। 

এ অবস্থায় নির্বাচন ভবনের সামনে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ভবনের পশ্চিম দিকে ইসলামী ছাত্রশিবির, মাঝখানে বামপন্থিসহ অন্য স্বতন্ত্র প্রার্থীরা এবং পূর্ব পাশের ছাত্রদল অবস্থান নেয়। 

এর মধ্যেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশন ভোট পিছিয়ে ১৬ অক্টোবর নতুন তারিখ ঘোষণা করে। 

কথা ছিল ২৫ সেপ্টেম্বর রাকসু ও হল সংসদ নির্বাচন হবে। সে অনুযায়ী মনোনয়ন জমা, বাছাইয়ের পর প্রার্থী তালিকা চূড়ান্ত করে প্রচারও শুরু হয়েছিল। 

কিন্তু ‘শিক্ষক লাঞ্ছিতের’ ঘটনায় ক্যাম্পাসে ‘কমপ্লিট শাটডাউন’, শিক্ষার্থীদের হল ও মেস ছেড়ে চলে যাওয়ার প্রবণতার কারণে কয়েকটি প্যানেল সোমবার ভোটার উপস্থিতি নিয়ে আশঙ্কা প্রকাশ করে। যদিও ইসলামী ছাত্রশিবির নির্ধারিত দিনেই ভোটের দাবি করেছিল।