২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোটা আন্দোলন: গাইবান্ধায় ৩ মামলা, গ্রেপ্তার ৮২

আলাদা তিনটি মামলায় ৮০০ জনকে আসামি করা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 04:38 PM

Updated : 10 Sep 2026, 12:12 PM

কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গাইবান্ধায় পুলিশের ওপর হামলা, আওয়ামী লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ এবং রেলওয়ে স্টেশন ভাঙচুরের ঘটনায় আলাদা তিনটি মামলা হয়েছে। 

এর মধ্যে দুটি মামলায় সাত দিনে বিএনপি, জামায়াত ও ছাত্রশিবিরের ৮২ নেতাকর্মীকে আটকের কথা জানিয়েছে পুলিশ।

যাদের মধ্যে শুক্রবার ১৪ জন, শনিবার ১৯, রোববার ছয়জন, সোমবার ১৫, মঙ্গলবার ১১ এবং বুধবার রাতে ১৭ জনকে আটক করা হয়েছে বলে জানান গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কোটা সংস্কারের দাবি ও ছাত্র হত্যার প্রতিবাদে ১৭ জুলাই সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা শহরের ১ নম্বর রেল গেইটে অবস্থান নেয়। সেই সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে।

একই দিনে ওই বিক্ষোভ থেকে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পরদিন ১৮ জুলাই সদর থানার এসআই আব্দুল বাতেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় ৪৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

এ ছাড়া আওয়ামী লীগ কার্যালয়ে হামলার ঘটনায় জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাইফুল আলম ছাকা একটি মামলা করেন। এতে ৭৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়।

এক সপ্তাহে এই দুই মামলায় গ্রেপ্তার ৮২ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মাসুদ রানা।

অপরদিকে ১৯ জুলাই বিকালে কোটা আন্দোলনের সমর্থনে বিএনপির নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের বাধার মুখে পড়ে। সেই সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিক্ষোভকারীরা গাইবান্ধা রেলওয়ে স্টেশনে ভাঙচুর চালায়।

এ ঘটনায় গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুর সবুর মিয়া বাদী হয়ে বোনারপাড়া রেলওয়ে থানায় একটি মামলা করেন। এ মামলায় অজ্ঞাত পরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান গাইবান্ধা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল মতিন।