২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি, ১৪৪ ধারা এবার জুরাছড়িতে

জুরাছড়ির যক্ষাবাজার ও সংলগ্ন এলাকায় বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিলের উপর নিষেধাজ্ঞা থাকবে।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2022, 11:36 PM

Updated : 30 Aug 2022, 11:41 PM

কাপ্তাই, লংগদুর পর এবার রাঙামাটির আরেক উপজেলা জুরাছড়িতে ১৪৪ ধারা জারি জারির আদেশ এল; যেখানে বিএনপির পর আওয়ামী লীগও কর্মসূচি দেয়।

বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিলের উপর এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানান জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ।

ইউএনওর অফিস আদেশে বলা হয়, ৩১ অগাস্ট জুরাছড়ি উপজোলার যক্ষাবাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপি সমাবেশ করার প্রস্তুতি গ্রহণ করেছে; অন্যদিকে উপজেলা আওয়ামী লীগও ২১ অগাস্ট গ্রেনেড হামলার প্রতিবাদ ও এ হামলার অন্যতম পরিকল্পনাকারী তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে একইস্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করবে মর্মে সংবাদ পাওয়া গেছে।

আদেশে বলা হয়, জনজীবনের অসুবিধা ও উপজেলার স্বাভাবিক শান্তিশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার শঙ্কায় এবং জনস্বার্থে জুরাছড়ি উপজেলার শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখতে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যক্ষাবাজার থেকে হাসপাতাল এলাকা ও সংলগ্ন এলাকার সকল প্রকার সভা সমাবেশ, মিটিং মিছিল, লোক সমাগম এবং চার বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল নিষিদ্ধ করা হলো।

এর আগে কাপ্তাই ও লংগদু উপজেলায় একই কারণে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।