বগুড়াবাসীকে অভিনন্দন জানিয়েছেন তারেক রহমান
বগুড়ার সাতটি আসনেই বিএনপি জয় পেয়েছে।
বিপুল ভোটে বিজয়ী করায় বগুড়াবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে তারেক রহমান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট। তারেক রহমান ১ লাখ ১৮ হাজার ৬৫৮ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
ভোটের পর দিন শুক্রবার বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, “আমাদের আগামীর প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফোন করেছিলেন। তিনি বগুড়াবাসীকে দলমত নির্বিশেষে সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছেন।”
তিনি বলেন, “১৮ বছর ধরে উন্নয়ন বঞ্চিত বগুড়া জেলা এখন আলোর মুখ দেখবে। শুধু বগুড়া নয়, সারাদেশে উন্নয়ন হবে। আমি তারেক রহমানের বার্তা জেলার সবাইকেই জানিয়ে দিয়েছি।”
বগুড়ার সাতটি আসনেই বিএনপি জয় পেয়েছে।
তারেক রহমানের বগুড়া-৬ আসনে পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থী অংশ নিয়েছিলেন। বাকি প্রার্থীদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মামুনুর রশিদ হাতপাখা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০৮ ভোট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের দিলরুবা নূরী মই প্রতীকে পেয়েছেন ৭৯৫ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীকে পেয়েছেন ২৭৬ ভোট।
দিনভর ভোট শেষে বৃহস্পতিবার গভীর রাতে বগুড়া জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান তার কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন।
