পাবনায় কৃষি শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের লাঠিপেটা, আহত ২৫
আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান।
পাবনার ঈশ্বরদী উপজেলায় কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ করে বিক্ষোভে পুলিশ লাঠিপেটা করেছে। এতে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান।
পুলিশ জানায়, দুপুর সাড়ে ১২টায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আট দফা দাবিতে শহরে সড়ক অবরোধ করেন। এ সময় ঈশ্বরদী-রাজশাহী, ঈশ্বরদী-ঢাকা, ঈশ্বরদী-কুষ্টিয়াসহ সব ধরনের যানবাহন বন্ধ হয়ে যায়।
প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই আন্দোলনের কারণে সড়কের উভয় দিকেই ব্যাপক যানজটের সৃষ্টি হয়। এ সময় দেশের মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রাশিয়ার কর্মকর্তা-কর্মচারীরাও যানজটে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, এ সময় পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। তখন শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়ায়। পরে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে।
অবস্থা বেগতিক দেখে দুই প্লাটুন সেনা সদস্য সেখানে অবস্থান নেন। পুলিশের কঠোর অবস্থানের মুখে শিক্ষার্থীরা অবরোধ থেকে সরে যায়। প্রায় ২ ঘণ্টা পর সড়কের যান চলাচল স্বাভাবিক হয়।
শিক্ষার্থী তানভীর ইসলাম বলেন, “অন্তত ২৫ শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর জখম করেছে পুলিশ সদস্যরা। আহতরা সবাই ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।”
চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী রিফাত জামান বলেন, “হামলার সঠিক বিচার না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। প্রয়োজনে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেব।”
অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, “শিক্ষার্থীরা গতকালও সড়ক অবরোধ করে আন্দোলন করেছিল। আমরা তাদের দাবিগুলো সংশ্লিষ্টদের মাধ্যমে আলোচনা করে পূরণের আশ্বাস দিয়ে ক্যাম্পাসে পাঠিয়ে ছিলাম।
“কিন্তু হঠাৎ আজকে আবার কোনো কারণ ছাড়াই তারা সড়ক অবরোধ করেন। আমরা তাদের যথেষ্ট বুঝিয়েছি। তবু তারা সড়ক ছাড়তে রাজি না হলে পুলিশ এবং সেনা সদস্যরা সমন্বয় করে সড়ক থেকে তাদের তুলে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।”
