২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

‘বিদ্যুৎ নিয়ে বিচারকের সমালোচনা’, চাঁপাইনবাবগঞ্জ আদালতে ভাঙচুর-বিক্ষোভ

জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2026, 07:42 PM

Updated : 11 Sep 2026, 03:48 PM

‘বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে বিচারকের সমালোচনার’ পর চাঁপাইনবাবগঞ্জে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

এ সময় বিচারকের খাস কামরার দরজার কাঁচ ভাঙচুরের ঘটনা ঘটে।

রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে বলে বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুর রউফ জানান।   

পুলিশ বলছে, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব বাবর আলী রুমন বলেন, ২০২৩ সালের একটি বিস্ফোরক মামলায় তিনি ও দলের কয়েকজন নেতাকর্মী আসামি। রোববার ওই মামলায় আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন।

বাবর বলেন, “১৩ জুলাই মামলার হাজিরার দিন ছিল। সেদিন আমরা আদালতে হাজির হয়ে জানতে পারি বিচারক নেই। আমাদের পরবর্তী তারিখে হাজির হতে বলা হয়। পরে শুক্রবার মামলার একজন আসামি গ্রেপ্তার হলে জানতে পারি, আগের তারিখে গরহাজির দেখিয়ে আমাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।”

এরপর রোববার আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন এবং আদালত জামিন মঞ্জুর করেন বলে জানান তিনি।

বাবরের অভিযোগ, “জামিন মঞ্জুরের পর বিচারক আমাদের উদ্দেশে বলেন, দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ নেই। আপনাদের সরকার। আগের সরকারই তো ভালো ছিল।”

এ বক্তব্যের প্রতিবাদে আদালত থেকে বের হয়ে নেতাকর্মীরা আদালতের সামনের সড়কে বিক্ষোভ করেন বলে জানান তিনি। 

সেখানে বিচারককে প্রত্যাহারের জন্য ৭২ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়।

তবে বিচারকের খাস কামরার দরজায় ভাঙচুরের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতা বাবর।

তিনি বলেন, “এ সম্পর্কে আমি কিছু জানি না। আদালতের সিসি ক্যামেরায় দেখা যাবে কে বা কারা জড়িত। সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আমরা এতে জড়িত নই।”

স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের আইনজীবী রফিকুল ইসলাম টিপু বলেন, আদালত থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

তবে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হাসিবের ভাষ্য, আদালত চত্বরে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি জড়ো হয়ে পরিস্থিতি উত্তপ্ত করেন।

তিনি বলেন, “কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি আদালতের বিচারকের খাস কামরার সামনে ‘মব’ সৃষ্টি করে। একপর্যায়ে তারা বিচারকের খাস কামরার দরজায় ভাঙচুরও করে। ঘটনা উদ্বেগজনক। এটি ‘মব কালচারের’ অংশ।”

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার পরিদর্শক (অভিযান) আব্দুর রউফ বলেন, “আদালতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে তা বড় ধরনের নয়। বিক্ষোভও হয়েছে এবং কিছুটা ঝামেলা হয়েছিল।

“খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।” 

এ বিষয়ে আদালত কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হচ্ছে।