Published : 11 Sep 2026, 04:10 PM
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৪৯০টি ‘ট্যাপেন্টাডল ট্যাবলেট’ ও দুটি মোবাইল ফোন জব্দ করেছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
শুক্রবার ভোরে উপজেলার নলকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী গোমড়া গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পাওয়া যায় বলে জানিয়েছেন ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ।
দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিকে বিজিবি জানায়, ভোরে ৩৯ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে গোমড়া এলাকায় অভিযান চালায় হলদিগ্রাম বিওপির একটি টহল দল।
এ সময় মালিকবিহীন অবস্থায় ৪৯০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ৭৩ হাজার টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বিজিবি।
সেইসঙ্গে বিজিবি ময়মনসিংহ ও শেরপুর সীমান্তে চোরাচালানসহ যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে বলে জানান তিনি।