২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ বলা ওসি প্রত্যাহার, তদন্তে কমিটি

রোববার সকালেই ওসিকে পুলিশ লাইনসে যুক্ত করা হয় বলে জেলা পুলিশ সুপার জানান।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2026, 07:01 PM

Updated : 26 Aug 2026, 03:44 PM

একটি অডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেত্রকোণার কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেমকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে পুলিশ বিভাগ। 

পুলিশ সদস্যদের উদ্দেশে ওসি আবুল হাশেমের দেওয়া বক্তব্যটি শনিবার ফেইসবুকে ছড়িয়ে পড়ে।

এরপর রোববার সকালেই ওসিকে পুলিশ লাইনসে যুক্ত করা হয় বলে জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান।

তিনি বলেন, ঘটনাটি তদন্তে গোয়েন্দা শাখার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ওসি আবুল হাশেম অডিওটির বক্তব্য নিজের নয় বলে দাবি করেছেন।

প্রায় চার মিনিটের ভাইরাল হওয়া অডিওতে ওসিকে পুলিশ সদস্যদের উদ্দেশে বলতে শোনা যায়, “পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস। আমরা কেউ কাউকে ঠকাবো না। সবাই মিলেমিশে থাকবো। ধরেন, দুই হাজার টাকা আমি খরচ করলাম, এই টাকা তো আমার বাড়ির টাকা না, বেতনের টাকাও না। আপনারা একটা অভিযোগ দিলেন এক হাজার টাকা, আরেকটা খারিজ কইরা ফেললেন এক হাজার টাকা, ওইটা দিয়েই কিন্তু আমি পাড়ি দিয়া দিলাম। তাইলে আমার তো রিস্ক নাই, নো টেনশন, খুব রিলাক্সে আছি।”

ওসি বলেন, “পুলিশের যে চাকরিটা এটা ওয়ান কাউন্ড অব বিজনেস। সবাই কিন্তু এই বিজনেসের সঙ্গে জড়িত না। আমরা কিন্তু একজন আরেকজনরে সেইফে রাখছি। সবাই সমন্বয় করে চলতে হবে। ওসির মাথায় কিন্তু কাঠাল ভেঙে খাইতে পারবেন না। সর্বোপরি আমি আপনাদের ঠকাবো না, আমি কি বাড়ি থেকে টাকা এনে খরচ করতাছি, না জমি বেইচ্যা আইন্যা আপনাদের চালাইতেছি। সবাই যেন ভালো থাকতে পারি। যার যেই অধিকার সে যেন সেটা পায়। আমার যারা কনস্টেবল আছে তারা যেন যেটা পাওয়ার সেটা পায়, তারা যেন বঞ্চিত না হয়। হক মারা আমি পছন্দ করি না। কারণ যারা হক মারে রাসূল (সা.) তারে সাফায়েত করবেন না। এটাই কিন্তু ফাইনাল কথা। কেউ চালাকি করবেন না। বর্তমান মিডিয়া অনেক এগিয়ে আছে।”

ওসি অডিওতে বলেন, “বর্তমানে ‘গুপ্ত’ ‘গুপ্ত’ একটা শব্দ আছে। এই শব্দটা আবিষ্কার করছে তারেক জিয়া (প্রধানমন্ত্রী)। আপনারা যে ‘গুপ্ত’ ‘গুপ্ত’ থাকার চেষ্টা করেন এইটা কিন্ত আমরা বুঝতেছি। এই যে সেইদিন মামলাটা হইলো না, এখান থেকে টাকা পয়সা নিয়েছেন। অনেকে আমার কাছে আসছিল টাকা পয়সা নেওয়ার বিষয়ে জানতে। আমি কিন্তু কিছুই জানি না। তারপরও তাদের নানান কিছু বুঝাইয়া দৌড়াইয়া দিছি। 

“আমরা যারা সিস্টেমের মধ্যে আছি, তারা যেন মিলেঝুলে চলি। বেশি চালাকির দরকার নেই। যে কোনো কাজে আমরা নিজেদের কাউরে বিপদেও ফেলবো না, কাউরে ঠকাবোও না। আরেকটা বিষয় আছে কিছু কিছু ঘটনায় জায়গাতেই চার্জশিট, জায়গাতেই ফাইনাল, ওসি কিছুই জানলো না! আরে ভাই আপনি তো নিজেই থানা একটা খুইল্যা ফেললেন। থানায় তো একজন ওসি আছে, তার সঙ্গে সমন্বয় করবেন। নাইলে নয়টায় কইরা ফেললেন, দশটার সময় ধরা খাবেন। তখন বুইজেন খবর আছে।”

ভাইরাল হওয়া অডিওর বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি। 

ওসি আবুল হাশেম বলেন, অডিওর কণ্ঠ তার নয়। কীভাবে এমন একটি রেকর্ড তার নামে প্রচার করা হচ্ছে, সে বিষয়েও তিনি অবগত নন।

অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম বলেন, “রোববার থেকে তদন্ত শুরু হয়েছে। পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেব।” 

নেত্রকোণার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, “অডিও ও অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”