গাইবান্ধায় জামায়াত সমর্থিত শ্রমিক নেতার গলা কাটা লাশ উদ্ধার
নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন, ভাই রাতে দোকানেই থাকতেন।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় জামায়াতে ইসলামী সমর্থিত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে গলা কেটে হত্যা করা হয়েছে।
রোববার সকাল ৮টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের শীতল গ্রামের বাগুড়ার বিল এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানিয়েছেন।
নিহত নজরুল ইসলাম নজির (৪০) ওই গ্রামের তফাজ্জল হোসেনের ছেলে এবং জামায়াতে ইসলামী সমর্থিত সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের স্থানীয় ওয়ার্ডের সভাপতি ছিলেন।
নজরুল স্থানীয় বাজারে একটি মুদি দোকানের পাশাপাশি তিনি বিকাশসহ বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর এজেন্টের ব্যবসা করতেন।
নিহতের ছোট ভাই নাজিরুল ইসলাম বলেন, বড় ভাই রাতে দোকানেই থাকতেন। এ কারণে শনিবার রাতে তারা তার কোনো খোঁজ করেন নাই। বাড়ির লোকজন ভেবেছিলেন, রাতে দোকানের কাজ শেষ করে তিনি হয়তো সেখানেই ঘুমিয়েছেন।
ওসি বুলবুল ইসলাম বলেন, রোববার সকালে স্থানীয় লোকজন ওই বিলের ধারে রাস্তার পাশে এক ব্যক্তিকে শোয়া অবস্থায় দেখতে পান। পরে সামনে গিয়ে দেখেন একটি গলাকাটা লাশ পড়ে আছে। নিহতের পরিবার ও পুলিশ খবর দেন তারা।
পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায় নাই। হত্যার রহস্য ও হত্যাকারীদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের নাকাই ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বলেন, “নজরুল ইসলাম একজন নিবেদিত কর্মী ছিলেন।”
এ হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
