২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে মাইক্রোবাসের ধাক্কায় মায়ের মৃত্যু, ২ শিশু সন্তান হাসপাতালে

প্রাইভেট শেষে সন্তানদের নিয়ে বাড়ি ফেরার সময় উল্টো পথে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2026, 04:32 PM

Updated : 26 Aug 2026, 03:23 PM

গাজীপুর নগরে উল্টো পথে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে তার দুই শিশু সন্তান।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগরের পূবাইল এলাকায় মীরের বাজার রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূবাইল থানার এসআই মাহমুদুল হাসান জনি।

নিহত তিশা হাওলাদার (২৮) মহানগরীর করমতলা এলাকার আরিফ হোসেন দেওয়ানের স্ত্রী।

আহতরা হলো- নিহতের ছেলে তাওয়াফ হোসেন দেওয়ান (৮) এবং নুর মোহাম্মদ দেওয়ান (৯)। তারা স্থানীয় নারায়নকুল এলাকার জাপান ইন্টার ন্যাশনাল স্কুলের শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মীরের বাজার এলাকায় প্রাইভেট পড়ানো শেষে সন্তানদের নিয়ে বাড়ি ফিরছিলেন তিশা। রাস্তা পার হওয়ার সময় উল্টো পথে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিশার মৃত্যু হয়।

পরে এলাকাবাসী আহত দুই শিশুকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। দুর্ঘটনার পরপর চালক মাইক্রোবাস রেখে পালিয়ে যান। 

এসআই মাহমুদুল হাসান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।