২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অটোরিকশার সঙ্গে ভটভটির সংঘর্ষে নিহত ২

নিহতদের একজন সেনা সদস্য ও অন্যজন মসজিদের ইমাম বলে জানা গেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2024, 01:12 AM

Updated : 26 Aug 2026, 10:50 AM

রাজশাহীর মোহনপুরে সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে মোহনপুর থানার ওসি আব্দুল হান্নান জানান।

নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার দাসপাড়া গ্রামের মমতাজুল ইসলামের ছেলে মো. পলাশ (২১) ও রানীনগর উপজেলার তালিমপুর গ্রামের প্রয়াত তোতা হাজির ছেলে আব্দুল কুদ্দুস (৪০)। 

পলাশ সেনাবাহিনীর সৈনিক এবং আব্দুল কুদ্দুস মসজিদের ইমাম বলে জানা গেছে। তারা দুইজন অটোরিকশার যাত্রী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আব্দুল হান্নান বলেন, নওগাঁগামী অটোরিকশাটি মোহনপুর উপজেলার সইপাড়া এলাকার সড়কে একটি মাহেন্দ্রা গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা খড় ভরতি ভটভটির সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। 

পরে স্থানীয়রা অটোরিকশায় থাকা পলাশ ও আব্দুল কুদ্দুস উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় ভটভটি চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি আব্দুল হান্নান।