২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে পুকুরে ডুবে ২ জমজ ভাইয়ের মৃত্যু

বিদ্যালয় থেকে বাড়ি ফিরে পুকুর ঘাটে বই রেখে খেলছিল শিশু দুটি। এক পর্যায়ে তারা পানিতে পড়ে যায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Oct 2024, 06:27 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরের পানিতে ডুবে জমজ দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার পিংড়া বাজার এলাকায় বহরি গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় ইউপি সদস্য মো. কাউসার জানান।

পাঁচ বছর বয়সি জুবায়েদ ও জুনায়েদ ওই বাড়ির শরীফ খানের ছেলে।  

শরীফ জানান, তার দুই ছেলে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে পুকুর ঘাটে বই রেখে খেলছিল। এক পর্যায়ে শিশু দুটি পুকুরের পানিতে পড়ে যায়। 

কিছুক্ষণ পর বাড়ির লোকজন পুকুরে শিশু দুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান। 

তখন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে জানান।

হাসপাতালটির জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মো. মোজাম্মেল বলেন, হাসপাতালে আনার আগেই জমজ দুই শিশু মারা গেছে।  

ইউপি সদস্য মো. কাউসার জানান, শিশু দুটি স্থানীয় বহরি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণিতে পড়ত।