২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝুট নিয়ে গোলাগুলি: নারায়ণগঞ্জের যুবদল সদস্যসচিবও আসামি

সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন যুবদল নেতা মশিউর রহমান রনি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2026, 09:38 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে যুবদলের দুইপক্ষের সংঘর্ষে হতাহতের ঘটনায় একপক্ষ মামলা করেছে। ওই মামলায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনিকেও আসামি করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুব আলম বলেন, সংঘর্ষে আহত রাকিবুল হাসান রাকিবের বাবা মো. হোসেন খোকা বাদী হয়ে শনিবার বিকালে মামলাটি করেছেন।

হোসেন খোকা এনায়েতনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। 

মামলায় রনি ছাড়াও সারজিল আহম্মেদ অভি (৩০), আব্দুল হামিদ প্রধান (৫২), মো. আব্দুস সালাম (৪০), আকাশ (২৮), সুমন মোল্লা ওরফে রকেট (৪৩), খায়রুল কবির জসিম (৫৫), মো. ইয়াসিন (২৮), মো. আলী রতন (৩৮), মো. মুরাদ হাসান (৩৮), আদনান আজিজ প্রাপ্ত (৩২) ও পল্লবের (৪৫) নাম দিয়ে আজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

তাদের মধ্যে আব্দুল হামিদ প্রধান ২০২৪ সালের ১৫ অক্টোবর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সশস্ত্র হামলার মামলায় গ্রেপ্তার হন।

হোসেন খোকা অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে এনায়েতনগর ইউনিয়নের হরিহরপাড়ার চাঁদনী হাউজিং এলাকায় ‘বেস্ট স্টাইল লিমিটেড’ নামে কারখানার ঝুট ক্রয়-বিক্রয় নিয়ে বিরোধে কারখানার সামনে লোকজন জড়ো হয়েছিল। স্থানীয় বাসিন্দা হওয়ায় খবর পেয়ে কয়েকজনকে নিয়ে কারখানার ভেতর ঢুকতে গেলে আসামিরা তাকে মারধর করেন। 

ছেলে রাকিবুল হাসান রাকিব বাবাকে রক্ষা করতে গেলে তাকে গুলি করা হয়। গুলিটি রাকিবের বুকের ডান পাশে লাগে এবং তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ মামলার ৮ নম্বর আসামি মশিউর রহমান রনিকে হামলার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে।

ঘটনার দিন পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছিল, আওয়ামী লীগ সরকার পতনের পর এনায়েতনগর ইউনিয়নের হরিহর পাড়ার চাঁদনী হাউজিং এলাকার ‘বেস্ট স্টাইল কম্পোজিট লিমিটেডের’ ঝুট নামাতেন জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনির অনুসারীরা।

এ নিয়ে ফতুল্লা থানা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান ও তার অনুসারীদের সঙ্গে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। গুলিতে আহত হন এক শিশুসহ তিনজন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সংঘর্ষের সময় উভয় পক্ষ গুলি ছোড়ে, হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে স্থানীয় লোকজন আতঙ্কিত হয়ে পড়ে এবং দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।

এই ঘটনায় মামলার বাদী মো. হোসেন খোকা, তার ছেলে রাকিবুল হাসান রাকিব ও ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রাসেল মাহমুদও যুবদল নেতা মাসুদুর রহমানের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়ান বলেও জানিয়েছিলেন স্থানীয়রা।

তবে, সংঘর্ষের ঘটনায় নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেছেন যুবদল নেতা মশিউর রহমান রনি। তিনি বলেন, সারজিল আহম্মেদ অভি তার পরিচিত এবং তিনি ওই পোশাক কারখানাটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করে বৈধভাবে ঝুট ব্যবসা করছিলেন। ১৮ মাস যাবৎ এই ব্যবসা করলেও বৃহস্পতিবার মাসুদুর রহমানের নেতৃত্বে একটি পক্ষ মালামাল নামাতে বাধা দিয়ে হামলা চালায়।

ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা না থাকলেও ‘রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে’ তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে বলেও দাবি রনির।

এদিকে, সংঘর্ষের ঘটনার পর দিন পেশীশক্তি প্রদর্শন, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং দলের নীতি, আদর্শ ও সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মাসুদুর রহমানকে বহিষ্কার করে যুবদল। তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “সংঘর্ষের ঘটনায় এক পক্ষ মামলা করেছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ। প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা ও অস্ত্র উদ্ধারে কাজ করছে পুলিশ।”