Published : 07 May 2026, 12:18 PM
নরসিংদীর পলাশে পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে।
বুধবার উপজেলার গজারিয়া বাজারের একটি ব্যাটারিচালিত রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে বৃহস্পতিবার সকালে জানিয়েছেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন।
নিহত রামিম গজারিয়া চড়কারারদী গ্রামের রিপন মিয়ার ছেলে।
গজারিয়া বাজারে রিপন মিয়ার স্যানেটারি সামগ্রীর ব্যবসা আছে। রামিমের দাদা আমজাদ হোসেনও একই বাজারের ঢেউটিন ব্যবসায়ী। সে সুবাদে দিনের বেশিরভাগ সময়ই রামিম দাদার সঙ্গে বাজারে সময় কাটায়।
শিশুটির পরিবারের বরাতে পুলিশ জানায়, বুধবার সকাল ৯টার দিকে বাজারে ফয়সাল মিয়ার ব্যাটারিচালিত রিকশার গ্যারেজে যায় শিশু রামিম। এ সময় একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া রিকশার চাকায় হাওয়া দেয়ার মেশিনের সাহায্যে ‘দুষ্টুমির ছলে’ রামিমের পায়ুপথ দিয়ে বাতাস দেয়।
এতে শিশুটির পেট ফুলে যায় এবং সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে।তার চিৎকারে আশেপাশের লোকজন গিয়ে দ্রুত তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। পরে বিকাল সোয়া ৪টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
এ ব্যাপারে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. রাকিব আসকারী বলেন, “উচ্চ গতিতে বাতাস প্রবেশ করার কারণে শিশুটির নাড়ির কোনো অংশ ছিদ্র হয়ে পেটের ভেতরে রক্তক্ষরণ শুরু হয় বলে ধারণা করা হচ্ছে।
“যার কারণে শিশুটির তীব্র পেটব্যথা শুরু হয় এবং শ্বাস নিতে পারছিল না। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে দ্রুত ঢাকায় নেয়ার পরামর্শ দেয়া হয়।”
ওসি শাহেদ আল মামুন বলেন, “সন্ধ্যার পর শিশুটির লাশ বাড়িতে নিয়ে আসলে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরিবারের পক্ষ থেকে বৃহস্পতিবার লিখিত অভিযোগ দেয়ার কথা। তার প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ”
তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।