২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

২০১৮ সালের ৩ মার্চ বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করা হয় বলে জানান পিপি।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2026, 09:39 PM

Updated : 26 Aug 2026, 03:33 PM

পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার পিরোজপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম মনিরুজ্জামান আসামির উপস্থিতিতে এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষে কৌঁসুলি (পিপি) নূরুল ইসলাম সরদার শাহজাহান।

সাজা পাওয়া মো. সুমন হাওলাদার (২৬) উপজেলার জুনিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাতে পিপি নূরুল ইসলাম বলেন, উপজেলার একটি গ্রামে মামা বাড়িতে থেকে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া করে ওই কিশোরী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে তাকে উত্ত্যক্ত করতেন সুমন।

“২০১৮ সালের ৩ মার্চ বিকালে বিদ্যালয় ছুটি শেষে বাড়ি ফেরার পথে সুমন ওই কিশোরীকে জোর করে তুলে এক বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরে ওই কিশোরী ঘটনাটি তার মামাকে জানায়। পরে স্থানীয়রা মীমাংসা আশ্বাস দিলেও স্বজনরা রাজি হননি।”

পরে একই বছরের ১৬ মার্চ সুমন হাওলাদারকে আসামি করে ভান্ডারিয়া থানায় ধর্ষণের অভিযোগে মামলা করা হয় বলে জানান পিপি।

সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও ছয় মাস সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন নূরুল ইসলাম সরদার শাহজাহান এবং আসামিপক্ষে ছিলেন আহসানুল কবির বাদল।