কুমিল্লায় সড়ক ছোট করে কারাগারের দেয়াল, ক্ষোভ
বক্তাদের অভিযোগ, নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কারাগারের দক্ষিণ-পূর্ব পাশে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক) সংকীর্ণ করে সীমানা প্রাচীর করা হচ্ছে।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ সড়ক সংকীর্ণ করে সীমানা প্রাচীর নির্মাণ করছে এমন অভিযোগ করে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন নাগরিকরা।
মঙ্গলবার দুপুরে কারা ফটকের পাশে সিটি করপোরেশন ভবনের সামনে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বক্তারা অভিযোগ করেন, কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করেই কারাগারের দক্ষিণ-পূর্ব পাশে ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়ক) সংকীর্ণ করে এবং ফুলের বাগান নষ্ট করে সীমানা প্রাচীর নির্মাণ করছে কারা কর্তৃপক্ষ। এতে সবুজ পরিবেশ বিনষ্ট ও মানুষের চলাচলের পথ সংকীর্ণ হয়ে যাবে।
৭২ ঘণ্টার মধ্যে নির্মাণ কাজ বন্ধ না হলে গণবিক্ষোভ ও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নাগরিকরা।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে অংশ নেন বিএনপি, এনসিপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক, সাংস্কৃতি সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু বলেন, “৭২ ঘণ্টার মধ্যে বিতর্কিত নির্মাণ কাজ স্থায়ীভাবে বন্ধ করতে হবে। প্রয়োজনে জনস্বার্থ বিরোধী এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত কর্মকর্তাদের অপসারণের দাবিতে আন্দোলন আরও বেগবান করা হবে।”
মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল মিছিল নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গণপূর্ত ভবনে যায় এবং সেখানে এ ব্যাপারে স্মারকলিপি দেয়।
এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি আমিরুজ্জামান আমির, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, সাবেক কাউন্সিলর মো. বিল্লাল, সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় নেতা নাভিদ নওরোজ শাহ, এবি পার্টি জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, ব্যবসায়ী নেতা আবদুর রহমান উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে কুমিল্লা কারাগারের জেল সুপার হালিমা খাতুন বলেন, “কারাগারের নিরাপত্তায় যথাযথ অনুমোদন নিয়েই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে।”
কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ রেজা হাসান বলেন, “বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।”
