টেকনাফে দেড় লাখ ইয়াবা জব্দ, রোহিঙ্গাসহ ৩ জন গ্রেপ্তার
র্যাব জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে দেড় লাখের বেশি ইয়াবা জব্দ করা হয়েছে; এ সময় দুই রোহিঙ্গাসহ তিন ‘মাদক কারবারীকে’ গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার ভোরে উপজেলার সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বরইতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান।
গ্রেপ্তাররা হলেন- টেকনাফের মুসনি রেজিস্ট্রার রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা হারুন আমিন (১৯) ও আসমত উল্লাহ (১৮) এবং উপজেলার সদর ইউনিয়নের বরইতলী এলাকার সালামত উল্লাহ (২৪)।
অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম বলেন, ভোরে ওই এলাকায় সালামত উল্লাহর বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের একটি চালান মজুদের খবর পায় র্যাব।
“এরপর ওই বাড়িতে মাদকের চালানটি লেনদেনের জন্য কয়েজন লোক অবস্থানের তথ্যে পেয়ে র্যাবের একটি দল অভিযান চালান। অভিযানে ওই বাড়িটি ঘিরে ফেললে র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন চার-পাঁচজন লোক কৌশলে পালানোর চেষ্টা চালায়।”
আবু সালাম বলেন, “এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে সালামত উল্লাহর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
“তারা নাফ নদীর সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে টেকনাফের বিভিন্ন মাদক কারবারিদের সরবরাহ করত।”
তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
