বাগেরহাটে আইনজীবী হত্যায় চারজন গ্রেপ্তার
পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা হত্যাকাণ্ডের শিকার আইনজীবীর ঘনিষ্ঠ ছিলেন এবং একসঙ্গে চলাফেরা করতেন।
বাগেরহাটে আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরিও উদ্ধার করা হয়েছে।
সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার।
গ্রেপ্তাররা হলেন- বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের পিসি ডেমা গ্রামের শেখ মুরাদ (৪১), তার ছোট ভাই আবু তাহের দীপ ওরফে দিপু (২৯), কড়াপাড়া ইউনিয়নের মির্জাপুর গ্রামের হাফিজুর রহমান (৪৮) এবং শিপন শেখ (২৮)।
পুলিশ সুপার বলেন, রোববার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে।
নিহত নিজাম উদ্দিন শান্ত (৪২) বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। তিনি জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে বাগেরহাট পৌরসভার হাড়িখালী তেঁতুলতলা এলাকায় নিজাম উদ্দিনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শনিবার রাতে নিহতের স্ত্রী স্বপ্না আক্তার বাগেরহাট সদর মডেল থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।
পুলিশ সুপার বলেন, ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় ৫০ ঘণ্টার মধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শেখ মুরাদ হত্যাকাণ্ডে নেতৃত্ব দিয়েছেন। ঘটনার আগে তিনি নিজাম উদ্দিনের সঙ্গে ছিলেন।
পুলিশ সুপার বলেন, “গ্রেপ্তার ব্যক্তিরা নিহতের ঘনিষ্ঠ ছিলেন এবং একসঙ্গে চলাফেরা করতেন। তাদের মধ্যে কিছু বিষয়ে বিরোধ ছিল। হত্যার পেছনের সুনির্দিষ্ট কারণ জানতে আদালতে রিমান্ড আবেদন করা হবে। জিজ্ঞাসাবাদের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে বলে আশা করছি।”
আরও পড়ুন:
