২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ১৬ টিকেটসহ রেলকর্মী গ্রেপ্তার

আগাম টিকেট কেটে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে তাকে আটক করে রেলওয়ে পুলিশ।

ময়মনসিংহে ১৬ টিকেটসহ রেলকর্মী গ্রেপ্তার
গ্রেপ্তার মো. মানিক মিয়া ট্রেনের স্টুয়ার্ড হিসেবে কর্মরত।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2026, 06:59 PM

Updated : 26 Aug 2026, 05:30 PM

ময়মনসিংহে আগাম টিকেট কেটে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রির অভিযোগে এক রেলকর্মীকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৬টি টিকেট জব্দ করা হয়।

মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন।

গ্রেপ্তার মো. মানিক মিয়া (৩০) নেত্রকোণার বারহাট্টা উপজেলার ছালিপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে। তিনি ট্রেনের স্টুয়ার্ড হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, মোহনগঞ্জ থেকে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের বেশ কিছু টিকেট আগাম কেটে রাখার তথ্য পেয়ে স্টেশনে অভিযান চালানো হয়। এ সময় মানিক মিয়াকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১৬টি টিকেট জব্দ করা হয়। পরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। 

এ ঘটনায় ময়মনসিংহ রেলওয়ে থানার এসআই পলাশ ব্যানার্জি বাদী হয়ে দুপুরে মানিক মিয়ার বিরুদ্ধে মামলা করেন বলে জানান ওসি আক্তার হোসেন। বিকালে তাকে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।