২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় মা হত্যায় ছেলের যাবজ্জীবন

সাজার পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2025, 05:35 PM

Updated : 26 Aug 2026, 01:25 PM

নেত্রকোণার মোহনগঞ্জে মাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়েরা জজ মো. হাফিজুর রহমান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল হাসেম জানান।

দণ্ডিত মো. মোবারক হোসেন সাগর (২০) মোহনগঞ্জ উপজেলার নাগডড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।  

তিনি একই উপজেলার বাহাম পশ্চিমপাড়া গ্রামের নানার বাড়িতে থাকতেন।

সাজার পাশাপাশি আসামি মোবারককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক। অনাদায়ে তাকে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

পিপি আবুল হাসেম বলেন, “সাগর মাদকাসক্ত ছিলেন। এ নিয়ে মা মনোয়ারা বেগমের সঙ্গে তার প্রায়ই ঝগড়া হতো।

“২০২২ সালের ২৪ আক্টোবর মা ও ছেলের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে ঘরের ভেতরে গলায় রশি পেঁচিয়ে মাকে শ্বাসরোধে হত্যা করেন সাগর।”

এ ঘটনায় সাগরকে আসামি করে নিহত মনোয়ারার ভাই বাহাম গ্রামের ইউনুস মিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন বলে হাসেম জানান।